কালীপুজোর বিসর্জনে ট্রেন চলাচলে বড় বদল! শিয়ালদহ ও চক্ররেল যাত্রীদের জন্য জরুরি খবর

কালীপুজোর প্রতিমা বিসর্জনের কারণে চক্ররেল (Circular Railway) পরিষেবায় বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করল পূর্ব রেল। রাজ্য সরকারের বিশেষ অনুরোধেই যাত্রী সুরক্ষা ও নিরঞ্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

মূলত শহরের বাবুঘাট এবং তার সংলগ্ন একাধিক গঙ্গাঘাটে বিপুল সংখ্যক প্রতিমা নিরঞ্জন করা হয়। এই ঘাটগুলিতে পৌঁছতে গেলে রেললাইন পার হওয়া বাধ্যতামূলক। বিসর্জনের সময় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বড়সড় দুর্ঘটনা এড়াতে আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার—পরপর তিন দিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত ওই অংশে ট্রেন চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে।

সংক্ষিপ্ত রুটে চলবে যে সমস্ত ডাউন ট্রেন: রেল জানিয়েছে, ডাউনের তিনটি ট্রেন নির্ধারিত গন্তব্যের পরিবর্তে টালা স্টেশন পর্যন্ত গিয়ে যাত্রা শেষ করবে।

  • ৩০৩১২ বারাসত–মাজেরহাট লোকাল

  • ৩০১২২ নৈহাটি–বালিগঞ্জ লোকাল

  • ৩০৩১৪ দত্তপুকুর–মাজেরহাট লোকাল

টালা থেকে ছাড়বে যে সমস্ত আপ ট্রেন: একইভাবে আপ লাইনের তিনটি ট্রেন মাজেরহাট বা বালিগঞ্জের পরিবর্তে টালা স্টেশন থেকে ছাড়বে।

  • ৩০৩৩১ মাজেরহাট–হাবরা লোকাল

  • ৩০১১১ বালিগঞ্জ–ব্যারাকপুর লোকাল

  • ৩০৩১৩ মাজেরহাট–বারাসত লোকাল

শিয়ালদহ ও বালিগঞ্জে যাত্রা শেষ ও শুরু:

  • ৩০১৪৪ গেদে–মাজেরহাট লোকাল মাজেরহাটের বদলে শিয়ালদহে যাত্রা শেষ করবে।

  • ৩০১২৩ মাজেরহাট–নৈহাটি লোকাল মাজেরহাটের বদলে শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

  • ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর–মাজেরহাট লোকাল মাজেরহাটের পরিবর্তে বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে।

  • ৩০৩১৭ মাজেরহাট–দত্তপুকুর লোকাল মাজেরহাটের বদলে বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

যেসব ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে:

  • ৩০৩৩২ হাবরা–মাজেরহাট লোকাল কাঁকুড়গাছি থেকে বালিগঞ্জ হয়ে মাজেরহাটের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে।

  • ৩০৩৫৩ মাজেরহাট–দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে কাঁকুড়গাছি হয়ে যাবে।

  • ৩০৪১৬ শিয়ালদহ–বিবাদী বাগ লোকাল বিবাদী বাগের বদলে মাজেরহাট পর্যন্ত যাবে।

  • ৩০৪৫০ বিবাদী বাগ–ব্যারাকপুর লোকাল বিবাদী বাগের বদলে মাজেরহাট স্টেশন থেকে ছাড়বে।

এই তিন দিন যে সমস্ত যাত্রী চক্ররেলে যাতায়াত করেন, তাঁদের ভোগান্তি এড়াতে আগেভাগে বিকল্প ব্যবস্থার পরিকল্পনা বা ট্রেনের পরিবর্তিত সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।