‘হে ভগবান! এই দোকানে কম গ্রাহক পাঠাও!’ প্রয়াগরাজের অদ্ভুত দোকানের পোস্টার দেখে নেটপাড়ায় তুমুল শোরগোল

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের রাজা পুর অঞ্চলের এক সাধারণ মুদির দোকান এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেওয়ালের অদ্ভুত পোস্টার ও বার্তার জেরে নেটপাড়ায় তোলপাড় ফেলে দিয়েছেন দোকানের মালিক ঘনশ্যাম বাবা। দোকানের বাইরে লেখা রয়েছে— ‘হে ভগবান! এই দোকানে কম করে গ্রাহক পাঠান।’ তবে শুধু তাই নয়, তার চেয়েও বড় চাঞ্চল্য ছড়িয়েছে পোস্টারের অন্য একটি বার্তা নিয়ে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে— ‘এই দোকানে মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, শুধুমাত্র পুরুষদের প্রবেশাধিকার রয়েছে।’

কিন্তু হঠাৎ কেন মহিলাদের কেনাকাটা করতে আসায় বাধা দিলেন ব্যবসায়ী? ঘটনার নেপথ্যে লুকিয়ে রয়েছে এক অন্যরকম সামাজিক উদ্বেগ। ঘনশ্যাম বাবুর বক্তব্য, তাঁর দোকানের আশপাশের এলাকাটি তুলনামূলক জনবিরল। সন্ধে নামলেই এলাকায় একদল মদাপের জমায়াত শুরু হয়। নেশাগ্রস্ত অবস্থায় এই দুষ্কৃতীরা রাস্তা দিয়ে যাতায়াতকারী এবং দোকানে সওদা করতে আসা মহিলাদের উদ্দেশে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য ছুড়ে দেয়। প্রতিনিয়ত নারী সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে এবং দোকানে আসা মহিলা গ্রাহকরা যাতে কোনো অপ্রিয় বা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি না হন, সেই ভেবেই তিনি এই সিদ্ধান্ত নেন।

আধ্যাত্মিক মানসিকতার ঘনশ্যাম বাবা তাঁর দোকানের চারপাশের দেওয়ালে রামচরিতমানসের পবিত্র চৌপাই এবং কবীরের নানা দোহা লিখে রেখেছেন। ভিডিওটি ভাইরাল হতেই স্থানীয় বাসিন্দারা ও নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই তাঁর এই উদ্বেগকে সমর্থন করলেও স্থানীয়দের একাংশের বক্তব্য— মদাপদের উৎপাতের জন্য মহিলাদের আসা বন্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। পুলিশ ও প্রশাসনের উচিত এলাকার ওই নেশাগ্রস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, যাতে মহিলারা নিরাপদে যেকোনো দোকানে যাতায়াত করতে পারেন।