একটা বালিশের দাম ৪০ হাজার টাকা! জাপান থেকে বিশেষ বালিশ কিনে কেন চর্চায় এই ভারতীয় সিএ?

সাধারণত একটি আরামদায়ক বালিশ কিনতে মানুষ হাজার বা দু’হাজার টাকা খরচ করতেই দু’বার ভাবেন। তবে ভালো ঘুম ও ঘাড়ের ব্যথার চিরতরে উপশম পেতে এক ভারতীয় নারী যা করলেন, তা শুনে চমকে উঠেছেন নেটিজেনরা। জাপান ভ্রমণে গিয়ে তিনি কিনে আনলেন একটি বিশেষ বালিশ, যার ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৪০,০০০ টাকা! কোনো বিলাসবহুল জিনিসপত্র বা কেনাকাটা নয়, কেবল এই বিশেষ কাস্টমাইজড বালিশের জন্যই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল খবরের শিরোনামে রয়েছেন ভিপনদীপ কৌর নামের ওই ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)।
সম্প্রতি জাপান ভ্রমণে গিয়েছিলেন ভিপনদীপ। টোকিওর নিহনবাশি এলাকায় অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরনো বিখ্যাত বেডিং ব্র্যান্ড ‘নিশিকাওয়া’-র শোরুম থেকে তিনি এই বালিশটি তৈরি করান। গত ৪ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় নিজের এই ইউনিক অভিজ্ঞতার কথা বিস্তারিত জানান তিনি। ভিপনদীপ জানান, প্রতিদিন দীর্ঘ সময় ল্যাপটপ ও মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কাজ করার ফলে তাঁর ঘাড়ে মারাত্মক চাপ ও যন্ত্রণা হচ্ছিল। সেই সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ঘুমের গুণমানও কমছিল। ঘুমোতে ভালোবাসেন বলে এই শারীরিক সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই তিনি এই বালিশটিতে বিপুল অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেন।
তবে এই বালিশ বিক্রির পদ্ধতিটি অন্যান্য দোকানের মতো নয়। গ্রাহক দোকানে গেলেই তাঁকে তৈরি বালিশ দেওয়া হয় না। প্রথমে বিশেষজ্ঞরা গ্রাহকের ঘাড়ের মাপ, শোওয়ার ধরণ এবং শারীরিক ভঙ্গি (Posture) পরীক্ষা করেন। এরপর বিভিন্ন উচ্চতার বালিশে গ্রাহককে শুইয়ে দেখে বোঝা হয় ঠিক কোন অবস্থায় ঘাড় সবচেয়ে বেশি আরাম পাচ্ছে। ভিপনদীপের বালিশের ভেতরে সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ‘কালো বিনচোতান কাঠকয়লার পাইপ বিডস’। ভিপনদীপের মতে, স্বাস্থ্যের জন্য এটি তাঁর সেরা বিনিয়োগ। নেটপাড়ার একাংশ ভালো ঘুমের জন্য এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, অনেকে একে টাকার অপচয় বলেও কটাক্ষ করেছেন।