বয়সের অর্ধেক তরুণীর সঙ্গে প্রেম, ব্রেক-আপ হতেই চরম সিদ্ধান্ত! ওয়াজিরপুরে শোরগোল

উত্তর-পশ্চিম দিল্লির ওয়াজিরপুর শিল্পাঞ্চলে ঘটে গেল এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। নিজের বয়সের অর্ধেকেরও কম বয়সী তরুণীর সঙ্গে প্রেম ভাঙার মাশুল দিতে গিয়ে নিজের জীবন শেষ করলেন ৪৭ বছরের এক ব্যক্তি। উত্তরপ্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা সন্দীপ নামে ওই ব্যক্তি বিবাহিত এবং দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও বন্ধুর ২০ বছরের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সম্পর্কে টানাপোড়েন ও বিচ্ছেদ সহ্য করতে না পেরে একটি বাসনপত্রের কারখানায় গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মঘাতী হন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপ মাঝেমধ্যেই দিল্লিতে বন্ধুর বাড়িতে আসতেন এবং সেই সুবাদে বন্ধুর তরুণী মেয়ের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীটি ওয়াজিরপুরের একটি বাসন তৈরির কারখানায় কাজ করতেন। সম্প্রতি ওই তরুণী সন্দীপের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে ক্ষুব্ধ ও হতাশ হয়ে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে আসেন সন্দীপ। শুক্রবার সকালে দু’বোতল পেট্রোল নিয়ে সোজা প্রেমিকার কর্মস্থলে পৌঁছে যান তিনি এবং তাঁকে বিয়ের জন্য প্রচণ্ড চাপ দিতে থাকেন। তরুণী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই বিয়েতে রাজি নন।
প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে মুহূর্তের মধ্যে চরম সিদ্ধান্ত নেন সন্দীপ। কারখানার ভেতরেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। আগুন দেখতে পেয়ে সহকর্মীরা ছুটে এসে কোনোক্রমে আগুন নিভিয়ে তাঁকে দ্রুত স্থানীয় দীপ চাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, যেখানে সন্দীপ লিখেছেন, “নিজের বয়সের অর্ধেকেরও কম বয়সি এক তরুণীর সঙ্গে আমার সম্পর্ক ছিল। বর্তমানে ব্রেক-আপ হয়ে গিয়েছে, তাই আমি নিজের জীবন শেষ করলাম।” উত্তরপ্রদেশে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
(জরুরি সহায়তা: হতাশা বা মানসিক চাপের সময় আত্মহত্যা কখনো কোনো সমাধান হতে পারে না। কোনো সহায়তা বা পরামর্শের প্রয়োজন হলে স্নেহা ফাউন্ডেশনের নম্বর 044-24640050 অথবা টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের হেল্পলাইন নম্বর 9152987821-এ যোগাযোগ করুন।)