বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আসছে ‘বড় ধাক্কা’! উপাচার্যদের ডানা ছেঁটে তৈরি হচ্ছে নতুন কমিশন?

রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক বিরাট রদবদলের সলতে পাকানো শুরু হলো। এবার রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিজস্ব ক্ষমতা হারাতে চলেছেন উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল ও কলেজের ধাঁচে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগের জন্যও পৃথক ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি সার্ভিস কমিশন’ (West Bengal University Service Commission) গঠনের তৎপরতা শুরু করল রাজ্য উচ্চশিক্ষা দফতর। শুক্রবার এই প্রস্তাবিত কমিশনের রূপরেখা, কাজের একতিয়ার ও পরিকাঠামো খতিয়ে দেখতে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রবীণ অধ্যাপক ও প্রশাসনিক আধিকারিকদের রাখা হয়েছে, যাঁদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যদি এই পৃথক সার্ভিস কমিশন চূড়ান্ত অনুমোদন পায় ও কার্যকর হয়, তবে বিশ্ববিদ্যালয়গুলির অনুমোদিত শূন্যপদে নিজেদের পছন্দমতো শিক্ষক নিয়োগের একচ্ছত্র ক্ষমতা আর থাকবে না। প্রসঙ্গত, ইতিপূর্বে রাজ্য স্কুল শিক্ষা প্রশাসনে ব্যাপক রদবদল ঘটানো হয়েছিল, যেখানে জেলা ও সহকারী বিদ্যালয় পরিদর্শক স্তরের ৫৭ জন আধিকারিককে একযোগে বদলি করা হয়। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর ও বর্ধমানসহ প্রায় সব জেলাতেই সেই প্রশাসনিক রদবদল হয়েছিল। এবার স্কুল শিক্ষার পর রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামো ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে এনে স্বচ্ছতা বজায় রাখতেই এই নতুন ইউনিভার্সিটি সার্ভিস কমিশন গঠনের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।