শুধু ঘুমালেই মিলবে ৯.৬ লাখ টাকা! ঘুমিয়েই কোটিপতি হওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না

চাকরি মানেই কি সকাল থেকে রাত পর্যন্ত অফিসের অন্তহীন চাপ, মিটিং আর ডেডলাইনের ইঁদুরদৌড়? কিন্তু যদি বলা হয়, শুধুমাত্র নিয়ম করে ঘুমিয়েই পকেটে ঢুকে যেতে পারে লক্ষ লক্ষ টাকা? শুনতে রূপকথার মতো মনে হলেও এটি একশো শতাংশ সত্যি। নিয়ম মেনে ঘুমিয়ে এবং মজার সব চ্যালেঞ্জে অংশ নিয়ে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা জিতে নিলেন মুম্বইয়ের এক তরুণী।
বিখ্যাত স্লিপ সলিউশন ব্র্যান্ড ‘ওয়েక్ফিট’ (Wakefit)-এর জনপ্রিয় ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর পঞ্চম সিজনের বিজয়ী হয়েছেন মুম্বইয়ের বাসিন্দা জিনিয়া চট্টোপাধ্যায়। পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন নগদ ৯.৬ লক্ষ টাকা এবং সংস্থার তরফে সম্পূর্ণ স্পনসর করা এক মনোরম ছুটি কাটানোর সুযোগ।
সাধারণত ইন্টার্নশিপ বলতে কর্পোরেট অফিসে ঘাম ঝরিয়ে কাজ শেখাকেই বোঝায়। কিন্তু ওয়েక్ফিটের এই ইন্টার্নশিপ সম্পূর্ণ আলাদা। মানুষের মধ্যে পর্যাপ্ত ঘুম এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই অভিনব উদ্যোগ। দেশজুড়ে প্রায় ২ লক্ষ আবেদনকারীর মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ১০ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। টানা ৬০ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখতে হতো। স্লিপ ট্র্যাকিং এবং স্কোরের ভিত্তিতে তৈরি হত লিডারবোর্ড।
শুধু ঘুমোনোই নয়, প্রতিযোগীদের জন্য ছিল একাধিক মজাদার টাস্ক। যেমন—চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে ঘুমের মেলবন্ধন ঘটিয়ে ‘স্লিপ সিনেমা’ তৈরি, অথবা কথোপকথনের মাঝে কাউকে বুঝতে না দিয়ে নির্দিষ্ট শব্দ ব্যবহারের মতো ‘আন্ডারকভার স্লিপ মিশন’। গ্র্যান্ড ফিনালেতে চার সেরা প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাজিমাত করেন জিনিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সফল পঞ্চম সিজনের পর এবার ষষ্ঠ সিজনের জন্যও প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।