পেনশনভোগীদের জন্য বিরাট খুশির খবর! পূর্ব রেলের এই বিশেষ পদক্ষেপে ঘরে বসেই কেল্লাফতে

পেনশনভোগীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক খবর নিয়ে এসেছে পূর্ব রেল। দেশব্যাপী পরিচালিত ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) ক্যাম্পেইন ৫.০’-এর অধীনে রেলের পেনশনভোগীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পেনশন যাতে কোনো বিঘ্ন ছাড়াই নিয়মিত পাওয়া যায়, তার জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়াকে একবারে মসৃণ, সুবিধাজনক ও ঝঞ্ঝাটমুক্ত করতে একাধিক ডেডিকেটেড হেল্পলাইন সেন্টার চালু করা হয়েছে।
১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলা এই বিশেষ অভিযানের অংশ হিসেবে পূর্ব রেলের সদর দফতর ছাড়াও চার প্রধান ডিভিশন—হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা এবং তিন প্রধান ওয়ার্কশপ—কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুরে এই হেল্পলাইন কেন্দ্রগুলি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। বয়স্ক পেনশনভোগীরা যাতে কোনো ধরনের কারিগরি জটিলতায় না পড়েন, তার জন্য রেলের কর্মীরা সরাসরি এই কেন্দ্রগুলিতে উপস্থিত থেকে তাঁদের ফর্ম পূরণ ও ডিজিটাল জীবনপ্রমাণপত্র জমায় সম্পূর্ণ সহায়তা দিচ্ছেন।
ক্যাম্পেইনের পঞ্চম দিন, অর্থাৎ ৬ নভেম্বর, ২০২৬ তারিখে পূর্ব রেলের বিভিন্ন কেন্দ্রে এক দিনেই মোট ৫১৫ জন পেনশনভোগী সফলভাবে তাঁদের লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন। এর মধ্যে আসানসোল ডিভিশনে সর্বোচ্চ ২৫৪ জন, হাওড়া ডিভিশনে ১০২ জন, মালদায় ৩৫ জন এবং শিয়ালদহ ডিভিশনে ২৬ জন পেনশনভোগী উপকৃত হয়েছেন। পাশাপাশি কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুর ওয়ার্কশপ এবং সদর দফতরেও বিপুল সাড়া পাওয়া গেছে। এই নিয়ে চলত অভিযানে মোট ২,২৯৬ জন পেনশনভোগী লাইফ সার্টিফিকেট জমার কাজ সফলভাবে সম্পন্ন করলেন।
হেল্পলাইন সেন্টারের সুবিধা গ্রহণের পাশাপাশি পেনশনভোগীরা চাইলে ঘরে বসেই অফিসিয়াল পোর্টাল (https://ipension.nic.in/dlcportal)-এর-এর) মাধ্যমেও নিজেদের শংসাপত্র জমা দিতে পারেন। পূর্ব রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার শ্রী শিবরাম মাঝি জানান, জেনারেল ম্যানেজারের দূরদর্শী নির্দেশনায় বয়স্ক পেনশনভোগীদের প্রতিটি ধাপে সহজ ও দ্রুত পরিষেবা পৌঁছে দিতে রেল প্রতিশ্রুতিবদ্ধ।