ফের আমেরিকা সফরে রাহুল গান্ধী! ১৬ থেকে ১৯ নভেম্বর কোন কোন নামী বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বিরোধী দলনেতা?

ফের একবার বিদেশ সফরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। আর এই বিদেশ সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোর চর্চা। বিশেষ করে আমেরিকার দুটি নামী বিশ্ববিদ্যালয়ে তাঁর নির্ধারিত বক্তৃতা এবং রাজনৈতিক মন্তব্য ফের একবার শাসক দল বিজেপির সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মুখোমুখি হবেন রাহুল গান্ধী। এর পরদিন, অর্থাৎ ১৮ নভেম্বর শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ আলোচনা সভায় তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। সমস্ত কর্মসূচি সেরে আগামী ১৯ নভেম্বরই তাঁর ভারতে ফিরে আসার কথা রয়েছে। অতীতে তাঁর বিভিন্ন বিদেশ সফর এবং মার্কিন মুলুকে দেওয়া নানা মন্তব্য নিয়ে বিজেপির সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘর্ষের সৃষ্টি হয়েছিল, ফলে এবারের এই চারদিনের সফর ঘিরেও রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।