৫০ থেকে সোজা ৪০! সরকারি কর্মীদের ছুটির তালিকা ছাঁটাইয়ের বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর, শুরু জল্পনা

বাংলার রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকায় আসছে বড়সড় পরিবর্তন। আগামী বছর অর্থাৎ ২০২৬-২৭ সাল থেকেই সরকারি ছুটির সংখ্যা কমিয়ে আনার জোরালো পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। বর্তমানে রাজ্যে সরকারি ছুটির সংখ্যা ৫০টি হলেও, তা কমিয়ে কঠোরভাবে ৪০টির মধ্যে সীমিত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
বুধবার রাতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যের সরকারি দফতরগুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে এবং দীর্ঘদিনের বকেয়া কাজ দ্রুত শেষ করতে ছুটির সংখ্যা কমানো একান্ত প্রয়োজন। মুখ্যমন্ত্রী জানান, তিনি আগেই অর্থসচিবকে ছুটির তালিকা ছোট করার নির্দেশ দিয়েছিলেন। এরপর অর্থসচিব ৪৫ দিনের একটি তালিকা তৈরি করলেও তাতে সন্তুষ্ট হননি মুখ্যমন্ত্রী। সেই তালিকায় আরও বেশি কাটছাঁট করে মোট ছুটির সংখ্যা ৪০-এর মধ্যে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।
তবে ঠিক কোন কোন ছুটি বাদ পড়তে চলেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু জানানো হয়নি। অর্থ দফতরের তরফে নতুন তালিকা প্রস্তুত করার কাজ চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেই কোন ছুটিগুলি বহাল থাকছে এবং কোনগুলি ছাঁটাই হচ্ছে, তা পরিষ্কার হবে। উল্লেখ্য, বিগত দিনে রাজ্যের ছুটির তালিকায় জামাইষষ্ঠী, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং একাধিক মনীষীদের জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু নতুন ছুটি যুক্ত হয়েছিল। এবার বর্তমান সরকারের আমলে সেই ছুটির তালিকা ও কর্মসংস্কৃতি নিয়ে বড় ধরনের পুনর্বিবেচনা শুরু হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা।