নিউটাউনে ১৭ একর জমিতে এবার তিরুপতি মন্দির! মুকেশ ও অনন্ত আম্বানির সঙ্গে কথা হয়েছে, বড় ঘোষণা শুভেন্দুর

রাজ্যে নতুন সরকারের যাত্রার পর থেকেই শিল্প ও উন্নয়নে একের পর এক বড় পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। সিঙ্গুরে শিল্প ফেরানোর উদ্যোগের পাশাপাশি এবার রাজারহাটে মেগা প্রজেক্টের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনের ১৭ একর জমিতে তিরুপতি মন্দির গড়ে তোলার পরিকল্পনা চলছে এবং এই বিষয়ে রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ও অনন্ত আম্বানির সঙ্গে তাঁর সরাসরি আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিন রাজারহাটের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় আরও নতুন নতুন প্রকল্প আনা হবে। নিউটাউনের জঙ্গল সাফারি বা চিড়িয়াখানাকে আরও আধুনিক ও উন্নত করা হবে। তবে যে কোনো উন্নয়নের ক্ষেত্রেই ভূমিপুত্র ও আদি বাসিন্দাদের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে বলে তিনি স্পষ্ট করে দেন। আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগের সরকার শুধু সনাতনীদের সন্তুষ্ট করার কথা বললেও কাজের কাজ কিছু করেনি।

এরপরই সবথেকে বড় ঘোষণাটি করে শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে রাজারহাটে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে একটি দুর্দান্ত মন্দির গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি গণেশ পুজোয় মুম্বই গিয়েছিলাম। আম্বানি বহুবার আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মুকেশ আম্বানি, অনন্ত আম্বানিকে বলেছি ১৭ একর জায়গা তাঁরা কিনে নেবেন। তিরুপতির মন্দির হবে। আম্বানিজিকে বলেছি, ভাল মন্দির বানান। যারা আসবেন, তাদের ফ্রি প্রসাদ দিতে হবে। তাঁরা রাজি হয়েছেন।’’

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই মুম্বইয়ে আম্বানিদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় গিয়ে মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে পশ্চিমবঙ্গে রিলায়েন্স গ্রুপের বিনিয়োগ এবং বিভিন্ন ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার কথা আলোচিত হয়েছিল। এবার সেই আলোচনারই সফল রূপায়ণ হিসেবে নিউটাউনে তিরুপতি মন্দির প্রতিষ্ঠার খবর সামনে আসায় রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।