হঠাৎ কী হলো অষ্টম শ্রেণির পড়ুয়ার? লখনউতে কিশোরের আকস্মিক মৃত্যুতে কার্ডিয়াক অ্যারেস্টের আশঙ্কা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় এক মর্মান্তিক এবং অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রতিদিনের মতো বুধবার সকালে নিজের ১৩ বছরের একমাত্র সন্তান অর্থব ওরফে ডুগ্গুকে ভালোয় ভালোয় স্কুলে পৌঁছে দিয়ে এসেছিলেন বাবা প্রেম সিং। অষ্টম শ্রেণির ওই ছাত্র স্বাভাবিকভাবে স্কুলে প্রবেশ করলেও কিছুক্ষণের মধ্যেই বদলে যায় সবকিছু। ক্লাসে ঢোকার পর আচমকাই পিছনের দিকে মেঝেতে ঢলে পড়ে অচেতন হয়ে যায় সে।
স্কুলের প্রধান শিক্ষিকা মীনা তাংড়ি জানিয়েছেন, ঘটনার সময় অর্থবের কাঁধে তখনও স্কুলব্যাগ ঝোলানো ছিল। প্রাথমিক অবস্থায় সহপাঠী এবং শিক্ষকেরা বুঝতে না পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্টাফরুমে নিয়ে যান। তবে কোনো সাড়াশব্দ না মেলায় চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে সঙ্গে সঙ্গে তাঁর পরিবারকে ফোন করা হয়। খবর পাওয়া মাত্রই বাবা প্রেম সিং স্কুলে ছুটে যান এবং শিক্ষকদের সহায়তায় ছেলেকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তানের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে জানকিপুরম এলাকা জুড়ে গভীর শোকের ছায় নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে লখনউ থানার পুলিশ হাসপাতালে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, আচমকা কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই হয়তো কিশোরের এমন মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তবে মৃত্যুর আসল কারণ সুনির্দিষ্টভাবে জানতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে আপাতত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।