সোশ্যাল মিডিয়ায় সস্তা সোনার রিলস দেখে ভিড়! বারুইপুরের নামী জুয়েলার্সে সোনার বদলে গলে বেরোল পিতল?

ইনস্টাগ্রাম ও ফেসবুকের সস্তা সোনার লোভনীয় রিলস দেখে সোনার দোকানে উপচে পড়া ভিড় জমেছিল। সোশ্যাল মিডিয়ার এই চকমকে রিলসের ফাঁদে পা দিয়েই চরম প্রতারণার শিকার হলেন হুগলির খানাকুলের এক বাসিন্দা। বারুইপুরের অত্যন্ত পরিচিত ‘ব্যাঙ্গালোর জুয়েলার্স’-এর বিরুদ্ধে উঠেছে সোনা জালিয়াতি এবং পরিমাণে কারচুপির গুরুতর অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগ পেতেই তদন্তে নেমেছে পুলিশ।
অভিযোগকারী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় বিজ্ঞাপন ও রিলস দেখে তিনি বারুইপুরের ব্যাঙ্গালোর জুয়েলার্সে যান এবং সোনা কেনেন। কুপন ও বিলে সোনার ওজন ২.৫৫০ গ্রাম উল্লেখ করা হয়েছিল এবং ২২ ক্যারেটের খাঁটি সোনা বলেই তা বিক্রি করা হয়। এমনকি বিলে হলমার্ক চার্জও আলাদাভাবে কেটে নেওয়া হয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পর গয়নার গুণমান ও ওজন নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ প্রকাশ করায় অশান্তি শুরু হয়। সেই সন্দেহ দূর করতে বাইরে একটি বিশ্বস্ত দোকানে গিয়ে সোনাটি গলিয়ে পরীক্ষা করাতেই চোখ কপালে ওঠে তাঁদের!
পরীক্ষার পর দেখা যায়, সোনা গলানোর পর ২.৫৫০ গ্রামের জায়গায় মাত্র ১.১৪০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। বাকি পুরোটাই ছিল খাদ ও জালিয়াতি! শুধু তাই নয়, যে হলমার্ক চার্জ কেটে নেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত কোনো স্ট্যাম্প বা চিহ্ন গয়নাটিতে ছিল না। সোশ্যাল মিডিয়ার সস্তা চমক দেখে হাজার হাজার মানুষ এই দোকানে ভিড় জমাচ্ছেন এবং এভাবে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার পুলিশ উক্ত জুয়েলার্সে গিয়ে প্রাথমিক খতিয়ে দেখার কাজ শুরু করেছে। যদিও দোকানের মালিক এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি।