সিসিটিভি ফুটেজ ফাঁশ হতেই পুলিশের জালে ৩ পদ্মকর্মী! দেগঙ্গার ক্যাফে কাণ্ডে তোলপাড় রাজনীতি

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় একটি নামী রেস্তোরাঁ ও ক্যাফেতে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর এবং টাকা লুটপাটের ঘটনায় শেষ পর্যন্ত বড়সড় পদক্ষেপ নিল দেগঙ্গা থানার পুলিশ। ক্যাফে কর্তৃপক্ষের দায়ের করা তোলাবাজি ও মারধরের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট প্রমাণ মেলার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
ঘটনার সূত্রপাত গত ৪ নভেম্বর। অভিযোগ, দেগঙ্গার স্থানীয় ‘Eco Cafe’-তে ঢুকে আচমকাই একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়। ক্যাফের ম্যানেজারকে বেধড়ক মারধর করার পাশাপাশি ক্যাশ কাউন্টার ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে দেগঙ্গা তিন নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক বিকাশ দাস নিজে ড্রয়ার খুলে নগদ টাকা বের করে পকেটে পুরছেন! অভিযোগ, মোটা অঙ্কের তোলাবাজির দাবি করা হয়েছিল, যা দিতে অস্বীকার করায় ক্যাফেতে ঢুকে এই নারকীয় তাণ্ডব চালানো হয়।
অন্যদিকে, নিজেদের আড়াল করতে বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয় যে ওই ক্যাফের ওপরের ‘Lake Palace’ নামক গেস্ট হাউসে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম ও মধুচক্র চলছিল। বিজয়া দশমীর দিন তারা এর প্রতিবাদ জানাতে গিয়েছিলেন বলে দাবি করেন। কিন্তু সিসিটিভি ফুটেজে ক্যাশ বাক্স সাফ করা এবং ম্যানেজারকে পেটানোর নির্মম দৃশ্য সামনে আসতেই বিজেপির সেই দাবি খারিজ হয়ে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।