অলিম্পিক কোটা মিস করলেন মনু ভাকের! দোহায় ফাইনালে গিয়েও যা ঘটল, জানলে বিশ্বাস করবেন না

দোহায় চলমান আইএসএসএফ (ISSF) বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছেও বড়সড় ধাক্কা খেলেন ভারতের তারকা শুটার মনু ভাকের ও সুরুচি ফোগাট। মহিলাদের ১০-মিটার এয়ার পিস্তল ফাইনালে দুর্দান্ত লড়াই করেও লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কোটা স্থান নিশ্চিত করতে ব্যর্থ হন তারা। ফাইনালে মনু পঞ্চম এবং সুরুচি ষষ্ঠ স্থান অধিকার করেন। তবে ব্যক্তিগত ইভেন্টে হতাশা থাকলেও, এই প্রতিযোগিতাতেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে দলগত ইভেন্টে রৌপ্য পদক জিতে দেশের মান উজ্জ্বল করেছে ভারতীয় মহিলা শুটিং দল।

ব্যক্তিগত ইভেন্টে যা ঘটেছিল: প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী তারকা মনু ভাকের এ দিন ফাইনালে ১৬টি শট শেষে ১৫৯.৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেন। চতুর্থ স্থানে থাকা ইরানের হানিয়া রোস্তামিয়ানের চেয়ে তিনি মাত্র ১.৩ পয়েন্টে পিছিয়ে ছিলেন। অন্যদিকে, সুরুচি ফোগাট ১৪টি শট শেষে ১৫৮.৩ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থান পান। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য কোটা নিশ্চিত করার এটিই ছিল প্রথম বড় সুযোগ, যা হাতছাড়া হওয়ায় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। প্রসঙ্গত, এই ইভেন্টে চীনের রানশিন জিয়াং স্বর্ণ, তাঁরই দেশীয় কিয়ানশুন ইয়াও রৌপ্য এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজর ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিক কোটা পাকা করেন।

দলগত ইভেন্টে ভারতের রাজকীয় রূপো জয়: ব্যক্তিগত ইভেন্টে আক্ষেপ থাকলেও মহিলাদের এয়ার পিস্তল টিম ইভেন্টে দারুণ কামব্যাক করে ভারত। মনু ভাকের, সুরুচি ফোগাট এবং সাইন্যামের ত্রয়ী সম্মিলিতভাবে মোট ১৭৩৮ পয়েন্ট অর্জন করে দুর্দান্ত রৌপ্য পদক নিজেদের ঝুলিতে পরে। এই বিভাগে ১৭৪৫ পয়েন্ট নিয়ে চীন স্বর্ণ এবং ১৭২৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পদক লাভ করে। বাছাইপর্বে মনু (৫৮৩ পয়েন্ট) তৃতীয় এবং সুরুচি (৫৮০ পয়েন্ট) অষ্টম স্থান অধিকার করে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন, যা শেষ পর্যন্ত দেশের জন্য পদক এনে দিতে বড় ভূমিকা পালন করে।