প্রথম দেখাতেই মীরার কাছে এ কোন অদ্ভুত আবদার করেছিলেন শাহিদ? ফাঁস হলো বহুচর্চিত প্রেমের অজানা গল্প

বলিউডের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় জুটি শাহিদ কাপুর ও মীরা রাজপুত। সম্প্রতি অভিনেতা ঈশান খট্টরকে সঙ্গে নিয়ে জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর মঞ্চে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে নিজেদের প্রেম জীবনের শুরুর দিনের নানা মজার ও অজানা গল্প শেয়ার করে দর্শকদের বুঁদ করে রাখলেন তাঁরা। প্রথম দেখায় শাহিদের অদ্ভুত আবদার থেকে শুরু করে প্রথমবার হবু শ্বশুরের সামনে পড়ার অভিজ্ঞতা—সব নিয়েই খোলামেলা আড্ডা দিলেন দুজন।
প্রথম দেখায় অদ্ভুত আবদার
সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে মীরা জানান, শাহিদের সঙ্গে কথা বলতে বেশ ভালোই লাগছিল, কিন্তু মাঝপথে অভিনেতার একটি কথা শুনে তিনি পুরোপুরি অবাক হয়ে যান। মীরার কথায়, “প্রায় ২-৩ ঘণ্টা কথা বলার পর ও হঠাৎ আমাকে ফোন বের করে ওর জুতোর ছবি তুলতে বলে! আমরা প্রথমবার দেখা করছি, আর ও আমাকে বলছে ওর জুতোর ছবি তুলতে! আমি তো সম্পূর্ণ অবাক। ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলে যখন দেখালাম যে এতে বিশেষ কী আছে, তখন ও খুব গর্ব করে বলল—’আমার জুতো অন্ধকারে জ্বলে!’ আমি তো বুঝতেই পারছিলাম না এতে এত স্পেশ্যাল কী আছে!”
হাসতে হাসতে সেই জুতোর পেছনের রহস্যও খোলসা করেন শাহিদ। তিনি জানান, পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচতেই এই বিশেষ জুতো ব্যবহার করতেন তিনি। শাহিদের কথায়, “আমাদের যখন প্রথম দেখা হয়, তখন মীরার বয়স ২০ আর আমার ৩৪। আমাদের চিন্তাভাবনা মিলবে কি না, তা নিয়ে ভাবতে ভাবতেই কীভাবে যে ৭ ঘণ্টা কেটে গেল বুঝতেই পারিনি! আর ও যে সিনেমা জগতের কেউ নয়, ফ্ল্যাশ-অ্যাবজর্বিং জুতোর ফান্ডা যে ও বুঝবে না—সেটা আমি ভুলেই গিয়েছিলাম!”
সবুজ চুল দেখে থ মেরে গিয়েছিলেন শ্বশুরমশাই
শাহিদ কাপুর জানান, তাঁদের বিয়ের আগে যখন তিনি ‘উড়তা পাঞ্জাব’ ছবির শুটিং করছিলেন, সেই সময় মীরার দিল্লির বাড়িতে যান তিনি। তাঁর মাথার তখন ‘টমি সিং’ চরিত্রের সেই আইকনিক সবুজ চুল! সেই দিনের কথা মনে করে সহাস্যে শাহিদ বলেন, “দরজা খুলেছিলেন আমার শ্বশুরমশাই। তিনি অত্যন্ত ডিসিপ্লিনড একজন মানুষ, একজন ইঞ্জিনিয়ার ও আইআইটিয়ান। আমার সবুজ চুল আর লুক দেখে উনি দরজাতেই কিছুক্ষণ ফ্রিজ হয়ে থ মেরে দাঁড়িয়ে রইলেন! ওঁর মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল উনি ভাবছেন—‘কার হাতে নিজের মেয়েকে দিচ্ছি আমি!’ আমি ওঁর সেই মুখটা কোনওদিন ভুলব না।”
সিনেমা দেখে আঁতকে উঠেছিলেন মীরা
বিয়ের পর শাহিদের সঙ্গে এডিটিং রুমে বসে ‘উড়তা পাঞ্জাব’ দেখেছিলেন মীরা। সেই সিনেমা দেখে মীরার কী অবস্থা হয়েছিল তা নিয়ে শাহিদ মজার ছলে বলেন, “সিনেমা শেষ হওয়ার পর ও সোফার অন্য প্রান্তে বসে ছিল। ভীষণ উদ্বেগে ছিল ও, ভাবছিল কাকে বিয়ে করে ফেলল!” তবে সঞ্চালক কপিল শর্মা যখন ‘কবীর সিং’ নিয়ে রসিকতা করেন, তখন শাহিদ জানান, মীরাই তাঁকে ‘কবীর সিং’ ছবিটি করতে রাজি করিয়েছিলেন। মীরা আরও জানান, বিয়ের আগে শাহিদের হাতে গোনা কয়েকটি ছবিই তিনি দেখেছিলেন, যার মধ্যে ‘জব উই মেট’ ছিল তাঁর ভীষণ প্রিয়।