অটোয় উঠলেই খসবে অতিরিক্ত ৫০ টাকা, রাতে দ্বিগুণ ভাড়া! নতুন নিয়মে মাথায় হাত সাধারণ যাত্রীদের

দীর্ঘ ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অটোরিকশার সরকারি ভাড়া সংশোধন করল তামিলনাড়ু সরকার। কিন্তু সরকারের এই নতুন ভাড়ার তালিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে চালকদের একাংশের মধ্যে। চেন্নাইসহ তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে সরকারের ধার্য করা এই নতুন হার নিয়ে চালক সংগঠনগুলি চরম অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছে।

চালক ইউনিয়নগুলির দাবি, বর্তমান বাজারে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে আকাশছোঁয়া হয়েছে, সেই তুলনায় নতুন সরকারি ভাড়া অত্যন্ত অপ্রতুল। ইউনিয়ন নেতাদের মতে, অনেক জায়গাতেই চালকরা বাস্তবে ইতিমধ্যেই এর থেকে বেশি ভাড়ায় গাড়ি চালাচ্ছিলেন। ফলে নতুন করে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তা চালকদের দৈনিক উপার্জনে কোনও বাস্তব সুরাহা এনে দিতে পারবে না।

মঙ্গলবার তামিলনাড়ু রাজ্য সরকারের তরফ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, নতুন সংশোধিত তালিকা অনুযায়ী প্রথম ১.৮ কিলোমিটারের জন্য অটোরিকশার ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ৫০ টাকা। রাতের বেলায় যাত্রীদের বহন করতে হবে আরও দ্বিগুণ ভাড়ার ধাক্কা।

তবে চালক ও যাত্রী—উভয় পক্ষই এই নতুন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে। একদিকে যাত্রীদের আশঙ্কা, নতুন করে সরকারি অনুমোদনের পর রাস্তায় যাতায়াতের খরচ আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে চালকদের বক্তব্য, জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধির সময়ে সরকারের এই সামান্য ভাড়াবৃদ্ধি বাস্তবে তাঁদের কোনও লাভই এনে দিতে পারবে না।