টানা ব্যর্থতায় দেওয়াল পিঠ! শেষমেশ বিদেশি কোচের শরণাপন্ন পাকিস্তান, নেওয়া হলো চরম সিদ্ধান্ত

আন্তর্জাতিক ক্রিকেটে টানা বাজে পারফরম্যান্স এবং একের পর এক হতাশাজনক পরাজয়ের পর অবশেষে জাগল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের মহিলা ক্রিকেট দলকে ঘুরে দাঁড় করাতে এবার বিদেশি কোচের শরণাপন্ন হতে চলেছে তারা। সাবেক টেস্ট ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে মেন্টর পদে রেখেও দলের কোনো উন্নতি না হওয়ায় বাধ্য হয়েই এই কড়া পদক্ষেপ নিতে চলেছে পিসিবি।

শীঘ্রই আসছে বিজ্ঞপ্তি

পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের মারফত জানা গেছে, খুব শীঘ্রই তারা মহিলা দলের জন্য নতুন প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে এবার দেশীয় কোচের ওপর ভরসা না রেখে একজন অভিজ্ঞ বিদেশি কোচ নিয়োগের বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী দ্বিপাক্ষিক সিরিজের আগেই এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বোর্ড।

ব্যর্থতার বহর ও কোচ রিয়াজের প্রভাবহীনতা

গত বছরের নভেম্বরে ভারতে ও শ্রীলঙ্কায় আয়োজিত আইসিসি মহিলা ৫০ ওভারের বিশ্বকাপে দলের চরম ভরাডুবির পর তৎকালীন প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমকে বরখাস্ত করা হয়েছিল। এরপর ডিসেম্বরে ওয়াহাব রিয়াজকে দলের মেন্টর করে আনা হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। সম্প্রতি অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরেও পাকিস্তান দলের একের পর এক বিপর্যয় দেখা গেছে।

চোখ ২০২৮-এর আয়োজক বিশ্বকাপে

হঠাৎ বিদেশি কোচের প্রতি এই আগ্রহের পেছনে রয়েছে ২০২৮ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কারণ, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ পাকিস্তান। ঘরের মাঠে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তান যেন শক্তিশালী দল নিয়ে লড়াই করতে পারে, সে কথা মাথায় রেখেই নতুন বিদেশি কোচকে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার সুযোগ দিচ্ছে পিসিবি। অতীত রেকর্ড অনুযায়ী, ডেভিড হেম্পের মতো সাবেক বিদেশি কোচের অধীনেই পাকিস্তানি নারীদের পারফরম্যান্স সবচেয়ে ভালো ছিল, তাই ফের সেই পথেই হাঁটছে বোর্ড।