ভোটের আগেই বড় বিপদের মুখে বিজেপি! ১.২৭ কোটি ভোটারের নাম উধাও হতেই কপালে চিন্তার ভাঁজ যোগীর

আগামী ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার সাম্প্রতিক পরিসংখ্যান ঘিরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। রাজধানী লখনউতে বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিস্ফোরক তথ্য পেশ করেছেন। তাঁর দেওয়া পরিসংখ্যান দলের অন্দরেই বড় ধরনের শোরগোল ফেলে দিয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী জানান, বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার পর রাজ্যের ভোটার তালিকায় বর্তমান নাম কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটিতে। এর মধ্যে শুধু তালিকা থেকেই প্রায় ১ কোটি ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এই বিশাল সংখ্যক বাদ যাওয়া ভোটারদের নাম যদি দ্রুত ফের তালিকায় যুক্ত করা না হয়, তবে রাজ্যের অন্তত ২৮টি গুরুত্বপূর্ণ শহরাঞ্চলীয় বিধানসভা আসনে বেকায়ায় পড়তে পারে শাসক দল।

ঝুঁকিতে ৪৩টি আসন, কড়া নির্দেশ প্রশাসনের: প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, শুধু শহরাঞ্চলই নয়, রাজ্যের এমন মোট ৪৩টি আসন চিহ্নিত করা হয়েছে যেখানে আগামী ভোটে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র ও হাড্ডাহাড্ডি হতে পারে। অল্প ব্যবধানে নির্ধারিত হতে চলা এই আসনগুলিতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রভাব মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় বসে না থেকে দলের সমস্ত কর্মী, নেতা এবং স্থানীয় বিধায়কদের অবিলম্বে ভোটার তালিকা সংশোধনের কাজে নেমে পড়ার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটযুদ্ধের বৈতরণী পার হতে তালিকা সংশোধনের এই কাজটিকে এখন দলের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখার বার্তা দিয়েছেন তিনি।