কলকাতায় আসছে ঝড়! দিলজিতের কনসার্ট ঘিরে নবান্নে মেগা মিটিং, কোন ভেন্যুতে বসবে আসর?

“কলকাতা, তোমার শহরে অরা আসছে”—পঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের এই একটি মাত্র ইনস্টাগ্রাম বার্তার পরেই তিলোত্তমার অন্দরে শুরু হয়ে গিয়েছে চরম উন্মাদনা। কফি হাউজের আমেজে বাংলা গান বাজিয়ে দিলজিতের দেওয়া সেই বিশেষ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। আর এবার অনুরাগীদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিলজিতের কনসার্ট ঘিরে প্রশাসনিক স্তরেও জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। নবান্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, দিলজিতের এই মেগা ইভেন্ট সফল করতে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন।

প্রাথমিকভাবে আয়োজকদের ইচ্ছা ছিল ঐতিহাসিক ইডেন গার্ডেনসে এই কনসার্ট করার, তবে নবান্নের কড়া নির্দেশ অনুযায়ী অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনকে। বিপুল পরিমাণ দর্শকসমাগম এবং টিকিটের আকাশছোঁয়া চাহিদার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমতিক্রমে যুবভারতীতে কনসার্ট আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্রস্তুতি ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি সরাসরি তদারকি করছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। যদিও অনুষ্ঠান বা দিনক্ষণ এখনও সরকারিভাবে চূড়ান্ত করা হয়নি, তবুও নভেম্বরের ২৩ বা ২৪ তারিখ কিংবা ডিসেম্বরের ১৯ তারিখের কথা জোরেশোরে বিবেচনা করা হচ্ছে।

দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ (Diljit Dosanjh Aura Tour)-এর অংশ হিসেবেই কলকাতায় এই শো অনুষ্ঠিত হতে চলেছে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হতে যাওয়া কনসার্টের মতোই কলকাতায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে দিল্লিতে বেসরকারি নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়িয়ে দুই হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছে পুলিশ। কলকাতার যুবভারতীর ক্ষেত্রেও পুলিশ ও প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি চলছে। তবে বিশেষ সূত্রের খবর, যুবভারতীর কনসার্টে মদ পরিবেশনের অনুমতি সম্ভবত দেওয়া হবে না। আমেদাবাদ বা দিল্লির মতো অন্যান্য শহরের তুলনায় কলকাতার টিকিটের দাম কত হতে পারে এবং কবে থেকে বুকিং শুরু হবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে লাখো ফ্যানেরা।