আরএসএস-এর সদর দপ্তরে চরম ধাক্কা! নাগপুরে ফড়ণবীশ-গড়কড়ির শক্ত ঘাঁটি ছিনিয়ে নিল কংগ্রেস

মহারাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ও অপ্রত্যাশিত জয় ছিনিয়ে নিল কংগ্রেস। আরএসএস (RSS)-এর সদর দপ্তর, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির নিজের ঘরের মাঠ নাগপুর স্নাতক বিধান পরিষদ (MLC) আসনে বিজেপি প্রার্থী সুধাকর কোহলেকে পরাজিত করে জয়ী হলেন কংগ্রেসের অভিজিৎ বঞ্জারি। প্রায় ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণনার শেষে ৩,২৭১৭ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। অভিজিৎ পান ৬৭,২৩১টি ভোট, অন্যদিকে বিজেপির সুধাকর কোহলে পান ৬৩,৯৬০টি ভোট। ১৯৯০ থেকে টানা ২৪ বছর এই আসনের প্রতিনিধি ছিলেন নিতিন গড়কড়ি, ফলে এই পরাজয় কেন্দ্রীয় শাসকদলের জন্য বড় বিপর্যয়।

এই জয়কে কেন্দ্র করে বিজেপিকে তীব্র আক্রমণে বিদ্ধ করেছে বিরোধী মহা বিকাশ আঘাড়ি (MVA)। ফলাফল প্রকাশের আগেই বিজেপি নেতারা কংগ্রেসকে ‘বিশাল শূন্য’ পাওয়ার খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কিন্তু নাগপুরের ফল সামনে আসতেই সেই পোস্ট মুছে ফেলেন ফড়ণবীশ। এর পরেই মহারাষ্ট্র কংগ্রেস কটাক্ষ করে লেখে, “ফড়ণবীশ সাভারকরের ঐতিহ্য মেনে পোস্ট মুছে দিলেন! এটা তো সবে ট্রেলার, পরের ধাক্কার জন্য তৈরি থাকুন।” উল্লেখ্য, রাজ্যের ৫টি আসনের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে বিরোধী জোট MVA, যার ফলে বিধান পরিষদ নির্বাচনে বড় সাফল্য পেলেন বিরোধীরা।