“আজও প্রকাশ্যে কিছু বলেনি অরিজিৎ…” লাখ টাকার গোপন খবর ‘বিগ বস’-এ উন্মোচন কাজীর!

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউডের সঙ্গীতসম্রাট অরিজিৎ সিং এবং তাঁর পুরোনো বন্ধু কাজী তৌকির। সহ-প্রতিযোগীদের সঙ্গে ঘরোয়া আড্ডায় অরিজিতের সাফল্যের দীর্ঘ সফর ও স্ট্রাগল নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করলেন কাজী। সঙ্গীতের দুনিয়ায় অরিজিৎ যেভাবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, তার প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা ব্যক্ত করেন তিনি। তাঁদের এই কথোপকথনে দুই শিল্পীর দীর্ঘদিনের মজবুত বন্ধুত্বের এক অনন্য ঝলক ফুটে উঠেছে।

আড্ডার ফাঁকে কাজী তৌকির বলেন, সাধারণত মানুষ সাফল্য পাওয়ার পরেই নিজেদের অতীত লড়াই ও কষ্ট নিয়ে বলতে ভালোবাসে। কিন্তু অরিজিৎ সিং এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। নিজের সংগ্রামের কথা তিনি কখনোই জনসমক্ষে প্রচার করেননি। কাজীর কথায়, “সাফল্য পেলেই অনেকে বলে— আমার কিছু ছিল না, আমি এই করেছি, ওই করেছি… কিন্তু আজ পর্যন্ত কোনো সাক্ষাৎকারে অরিজিৎকে বলতে শুনবেন না যে সে কাঁদছিল কিংবা রাস্তায় দিন কাটিয়েছে।”

অরিজিতের জীবনের সেই কঠিন দিনগুলোর সাক্ষী ছিলেন কাজী নিজেও। তিনি জানান, বন্ধুর সমস্ত স্ট্রাগলের গল্প তাঁর জানা থাকলেও জাতীয় টেলিভিশনে সেই ব্যক্তিগত ইতিহাস তিনি খোলসা করবেন না। কাজী বলেন, “গল্পটা আমার জানা আছে, কিন্তু তা বলে বেড়ানো আমার কাজ নয়।” একইসঙ্গে অরিজিৎকে প্রচণ্ড আবেগী, শিশুসুলভ মনের মানুষ এবং নিজের কাজের প্রতি চরম নিষ্ঠাবান হিসেবে বর্ণনা করেন কাজী।

২০০৫ সালে বিখ্যাত রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর মঞ্চে কাজী তৌকির ও অরিজিৎ সিংয়ের প্রথম সাক্ষাৎ। রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই শো-এর বিজয়ী হন কাজী, আর অরিজিৎ শেষ করেছিলেন ষষ্ঠ স্থানে। শো শেষ হওয়ার পর দু’জনে দুটি ভিন্ন পথে হেঁটে গেলেও তাঁদের সম্পর্কের ভিত আজও ততটাই মজবুত রয়েছে।