জাতীয় পতাকা ওড়ানোর আগেই ধুন্ধুমার! কনট প্লেস থেকে আটক ককরোচ প্রধান অভিজিৎ দিপক

জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদের পথে হাঁটার আগেই বড়সড় পুলিশি পদক্ষেপের মুখোমুখি হল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। দিল্লির কনট প্লেসে সিজেপি-র পূর্বঘোষিত ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচি শুরুর আগেই সংগঠনের প্রধান অভিজিৎ দিপকে-কে আটক করল দিল্লি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা কনট প্লেস চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সংগঠনের দুই শীর্ষ মুখ সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ৫ দিনের জেল হেফাজতে পাঠানোর তীব্র প্রতিবাদেই শুক্রবার বিকেল ৫টায় দিল্লির সেন্ট্রাল পার্কে এই তিরঙ্গা কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। এর আগে যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শনের জেরে পুলিশ ওই দুই নেতাকে গ্রেপ্তার করে তিহাড় জেলে পাঠায়। সেই গ্রেফতারির প্রতিবাদেই আজ পথে নামার পরিকল্পনা ছিল তাঁদের।

তবে কর্মসূচি শুরুর আগেই কড়া অবস্থান নেয় প্রশাসন। পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, আইনভঙ্গ করে কোনও জমায়েত করা যাবে না। এমনকি, আটকের ঠিক আগে অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে তাঁকে তিরঙ্গা কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য সতর্ক করেও আসে দিল্লি পুলিশ। তবে পুলিশি বাধা বা সতর্কতা সত্ত্বেও কর্মসূচি বাতিলের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে তিরঙ্গা যাত্রায় অনড় থাকার কথা ঘোষণা করেছিলেন সিজেপি প্রধান।

পরিস্থিতি সামাল দিতে আজ বিকেল থেকেই কনট প্লেস এলাকাকে কার্যত দুর্গে পরিণত করে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। বিশাল পুলিশ বাহিনীর নজরদারির মধ্যেই শেষ পর্যন্ত অভিজিৎ দিপকে-কে আটক করা হয়। এই ধরপাকড়ের জেরে রাজধানীর রাজনৈতিক পারদ এখন চড়চড়িয়ে চড়ছে।