“যান, রোজগার করে টাকা দিন!” চেক বাউন্স মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেতা রাজপাল যাদব

চেক বাউন্স মামলায় দীর্ঘ আইনি লড়াই ও জেল হেফাজতের পর অবশেষে কিছুটা স্বস্তি পেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpaal Yadav)। পেশাগত কাজে আগামী দিনে কানাডায় গিয়ে ছবির শ্যুটিং করার জন্য আদালতের বিশেষ অনুমতি পেয়েছেন তিনি। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে, অভিনেতাকে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া হচ্ছে যাতে তিনি উপার্জন করে মামলাকারীদের পাওনা টাকা মিটিয়ে দিতে পারেন।
মামলার প্রেক্ষাপট ও আদালতের নির্দেশ
২০২৪ সালের মে মাসে একটি চেক বাউন্স মামলায় দায়রা আদালত রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ডের সাজা দিয়েছিল। পরবর্তীতে দিল্লি হাইকোর্ট সাজা স্থগিত করলেও অভিনেতা আদালতের নির্দেশমতো সম্পূর্ণ টাকা কিস্তিতে জমা করতে ব্যর্থ হন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি আত্মসমর্পণও করেন এবং কিছু দিন তাঁকে জেলেও কাটাতে হয়। পরবর্তীতে অভিযোগকারীকে ১.৫ কোটি টাকা জমা দিলেও তাঁর বকেয়া অর্থের পরিমাণ এখনও বেশ কিছুটা বাকি রয়েছে।
তবে এদিন অভিনেতার আবেদনের ভিত্তিতে আদালত জানিয়েছে, পেশাগত কারণে বিদেশ যাত্রার অনুমতি মিললেও তাঁকে কঠোরভাবে কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। শর্তগুলি পূরণ করলেই তিনি পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। পাশাপাশি, মামলাকারীদের সঙ্গে মধ্যস্থতার মাধ্যমে দ্রুত সমস্ত বিবাদ মিটিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।