সালমানের ঘরে আসলেই কি ‘ভূত’ ছিল? আলমারি নিজে থেকেই খুলে যাওয়া নিয়ে যা বললেন ভাইজান!

বলিউডের ভাইজান সালমান খানের জীবন ঘিরে কৌতূহলের শেষ নেই। এবার জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ ৯’-এ হাজির হয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের তাঁর পুরনো ঘর নিয়ে এক চাঞ্চল্যকর ও রহস্যজনক অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন অভিনেতা। সালমানের মুখে অলৌকিক বা ভৌতিক অভিজ্ঞতার কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান স্বয়ং করণ জোহরও।
বাথরুমে গেলেই খুলত আলমারি, বেজে উঠত গান!
শো চলাকালীন করণ জোহর সালমানের সেই পুরনো দিনের ছোট ঘরের কথা মনে করিয়ে দেন, যেখানে তিনি পরিবারের অন্য সবার সঙ্গেই থাকতেন। করণের কথার মাঝেই সালমান দাবি করেন যে, ওই ঘরে তিনি কখনোই একা ছিলেন না। অদৃশ্য কোনো সত্তার উপস্থিতি নিয়ে বলতে গিয়ে সালমান জানান, “যতবারই আমি বাইরে আসতাম, আলোগুলো মিটমিট করে জ্বলত আর নিভত। আলমারিটা নিজে থেকেই খুলে যেত, গান বাজতে শুরু করত। আমি যখন বাথরুমে যেতাম, মনে হতো বাইরে কেউ দাঁড়িয়ে আছে।”
তবে এই সমস্ত অদ্ভুত কাণ্ডকারখানা নিয়ে তাঁর কোনো ভয় কাজ করত না বলেই জানিয়েছেন সালমান। উল্টে রসিকতা করে তিনি বলেন, ঘরের সেই অদৃশ্য উপস্থিতির উদ্দেশ্যে তিনি প্রায়শই জানতে চাইতেন যে সে কোন ধরনের গান শুনতে পছন্দ করে, তারপর একটি বোতাম টিপে ঘর থেকে বেরিয়ে যেতেন। ভাইজানের মুখে এই অদ্ভুত ও রহস্যময় ঘরের গল্প এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।