“জাতীয় পতাকা ওড়ানো কি অপরাধ?” দুই কর্মীর গ্রেফতারিতে তোলপাড় দিল্লি, নাম না করে মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি অভিজিতের!

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লহরা দো তেরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড! ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ কর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগে এবার সরাসরি কেন্দ্রকে নিশানায় তুললেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদের ডাক দেওয়ায় কর্মীদের আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ তুলে সুর চড়িয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, “নিজের দেশে তেরঙা ওড়ানো কোনও অপরাধ নয়।”

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ দীপকে জোর দিয়ে জানান, প্রশাসনিক বাধা ও পুলিশি হুঙ্কার সত্ত্বেও ঘোষিত কর্মসূচি থেকে তারা পিছপা হবেন না। তিনি বলেন, “তেরঙা আমাদের জাতীয় গর্ব। দেশের পতাকা ওড়ানো যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ আমরা বারবার করব।” রাজঘাটে জমায়েতের অনুমতি এবং বন্ড জমা সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাবে তিনি কেন্দ্র ও দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তোলেন। এরপরই পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ (X) সুর চড়িয়ে সিজেপি নেতা লেখেন, “সৌরভ আর আশুর বেআইনি গ্রেফতারির আজ তিন দিন পার হলো। পরিবর্তনের লড়াই লড়তে গিয়ে যে তরুণরা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য ভুলেছে, আজ তাদের এই দেশে জেলে পচতে হচ্ছে। শুধু জাতীয় পতাকা তোলার জন্য নিজের দেশেই পুলিশি হেনস্তার শিকার হতে হচ্ছে।”

এদিকে সিজেপি-র এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক পট পরিবর্তন শুরু হয়েছে। আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপি-র ‘তেরঙ্গা লহরাও’ কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি (আপ)। আম আদমি পার্টির পক্ষ থেকে কর্মী-সমর্থকদের বড় সংখ্যায় এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফলে শুক্রবারের এই ‘লহরা দো তেরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে কনট প্লেস চত্বরে বড় ধরনের রাজনৈতিক টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে।