অবশেষে ইনস্টাগ্রামে এন্ট্রি নিলেন সাইফ! সোশাল মিডিয়ায় এসেই শুধু কাকে ফলো করলেন ‘নবাব’?

বলিউডের তাবড় তারকারা আগেই সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ালেও এতদিন ইনস্টাগ্রাম থেকে শতহস্ত দূরেই ছিলেন অভিনেতা সাইফ আলি খান। সালমান খান, শাহরুখ খান বা কারিনা কাপুর সোশাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকলেও সাইফের কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট ছিল না। তবে ভক্তদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত ১১ অক্টোবর ইনস্টাগ্রামে ডেবিউ করলেন ‘ছোট নওয়াব’।
@saifalikhanpataudi ইউজারনেম দিয়ে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট খুলেছেন অভিনেতা। আর সোশাল মিডিয়ায় পা রাখতেই তিনি এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। ১২ অক্টোবর পর্যন্ত তাঁর ফলোয়ার সংখ্যা হাজার ছাড়িয়ে গেলেও, সাইফ নিজে ইনস্টাগ্রামে মাত্র একজনকেই ফলো করছেন। আর সেই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তাঁর স্ত্রী তথা বলিউড ডিভা কারিনা কাপুর খান! অর্থাৎ, ইনস্টাগ্রামে এসে কেবল নিজের অর্ধাঙ্গিনীকেই ফলো করার সিদ্ধান্ত নিয়েছেন সাইফ।
সাইফের প্রথম ইনস্টাগ্রাম পোস্ট
সোশাল মিডিয়ায় এসেই নিজের প্রথম পোস্টে দুটি চমৎকার ছবি শেয়ার করেছেন অভিনেতা। প্রথম ছবিতে তাঁকে পৈতৃক বাড়ির বিখ্যাত পাতৌদি লাইব্রেরির একটি বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে, দ্বিতীয় ছবিতে তিনি গভীরভাবে বই পড়তে পড়তে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ছবি দুটি শেয়ার করে ক্যাপশনে সাইফ লিখেছেন, “পাতৌদি লাইব্রেরি… বইয়ের মলাট দেখেই তার বিচার।”
উল্লেখ্য, সাইফের মতো স্ত্রী কারিনাও দীর্ঘ সময় সোশাল মিডিয়া থেকে দূরে ছিলেন। ২০২০ সালে কারিনা ইনস্টাগ্রামে যোগ দেওয়ার পর তাঁর ফলোয়ার সংখ্যা কোটির ঘরে পৌঁছায়। অবশেষে দীর্ঘ ৬ বছর পর স্বামীর এই ইনস্টাগ্রাম এন্ট্রি ঘিরে এখন বলিপাড়া ও অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে চরম উন্মাদনা।