‘সব অধ্যায় মনের মতো শেষ হয় না!’ BIGG BOSS’-এর ঘরে মিড উইক এভিকশনের ঝটকা, কান্নায় ভাঙল ঘর

‘বিগ বস’ বাংলা সিজন থ্রি প্রতিদিন নিত্যনতুন চমক আর নাটকীয় মোড়ে দর্শকদের বিনোদনের চাবিকাঠি শক্ত করে ধরে রেখেছে। গত সপ্তাহেই মিড উইক এভিকশনের জেরে দীপেন্দু বিশ্বাসের বিদায় নেওয়ার পর, গত রবিবার রবিবাসরীয় রাতে আরও এক ধাক্কা খায় ঘর। ঝিলম ও অনুষ্কার মধ্যে লড়াইয়ে শেষ পর্যন্ত শো থেকে বিদায় নিতে হয় অনুষ্কাকে। সেই বিষাদের রেশ কাটতে না কাটতেই সোমবারের নতুন প্রোমো সামনে আসতেই অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। আজ সোমকালেই ফের এক অভাবনীয় মিড উইক এভিকশন বা অন্য কোনো বড় পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা।
প্রোমো ঘিরে তুঙ্গে সাসপেন্স: রবিবার ‘দাদার দরবার’ শেষ হওয়ার পরেই চ্যানেলের তরফে আসন্ন পর্বের একটি আবেগঘন প্রোমো প্রকাশ করা হয়। যেখানে বিগ বসের গম্ভীর গলায় বলতে শোনা যায়, “জীবনের প্রতিটি অধ্যায় যে আমাদের ইচ্ছেমতো শেষ হবে, তার কোনো নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এই সিদ্ধান্ত নেওয়া বিগ বসের কাছেও সহজ নয়…” এই ঘোষণার পরেই ঘরের সমস্ত প্রতিযোগীকে হাউহাউ করে কাঁদতে দেখা যায়।
অন্য একটি প্রোমোতে দেখা গিয়েছে, বিগ বস অভিনেতা ভরত কল ও জিতু কমলকে কনফেশন রুমে ডেকে পাঠান। এরপর জিতু বাইরে এসে ড্রইংরুমে সমস্ত সদস্যকে একত্রিত করেন। ঝিলম উদ্বিগ্ন হয়ে ভরত কলকে প্রশ্ন করেন, নতুন করে আবার কী ঘটল?
দুর্নিবার ও জিতুর আবেগঘন দৃশ্য: সবচেয়ে অবাক করার বিষয় হলো, শোয়ের শুরু থেকে গায়ক দুর্নিবার সাহা এবং অভিনেতা জিতু কামলের মধ্যে যে সাপে-নেউলে সম্পর্ক দেখা গিয়েছিল, প্রোমোতে তাঁদের দুজনকে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। দুর্নিবারের চোখে জল দেখে হতবাক দর্শকরাও। এমনকি বিগ বসের কণ্ঠে একবার ঝিলমের নামও উচ্চারিত হতে শোনা গিয়েছে। সব মিলিয়ে জল্পনা শুরু হয়েছে যে, তবে কি আবারও ঝিলমকেই ঘর ছাড়তে হচ্ছে? নাকি কোনো শারীরিক অসুস্থতা কিংবা জরুরি পারিবারিক কারণে কোনো সদস্যকে আকস্মিক বাড়ি ছাড়তে হচ্ছে?
গত রবিবার অনুষ্কার বিদায়ের পর ঘরের থমথমে পরিবেশের মধ্যে সোমবারের এই আকস্মিক পদক্ষেপে প্রতিযোগীদের মানসিক অবস্থা এখন ঠিক কেমন, আর পর্দার আড়ালে আসল সত্যটাই বা কী—তার সব উত্তর মিলবে সোমবার রাতের বিশেষ পর্বে।