‘মোদী-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরুক!’ জামিন পেয়েই বিস্ফোরক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে

নির্বাচন কমিশনার জ্ঞানেশন কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো হুংকার দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। দিল্লি পুলিশের প্রিভেন্টিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক গ্রেপ্তারি থেকে জামিন পেয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর আরও চড়ালেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। স্পষ্ট জানিয়ে দিলেন, ভবিষ্যতে আন্দোলন না করার বিষয়ে তিনি কোনো বন্ডে সই করেননি এবং খুব শীঘ্রই আবারও রাজপথে নামতে চলেছেন তাঁরা।

প্রসঙ্গত, গত শনিবার দিল্লির যন্তরমন্তরে আয়োজিত আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় বিমানে উঠে অভিজিৎ দীপকে, সৌরভ দাশ এবং আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। রবিবার তাঁদের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে আদালত থেকে মুক্তি পান তাঁরা। ছাড়া পাওয়ার পর নাগপুর পৌঁছালে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিজিৎ।

বিস্ফোরক বিবৃতিতে অভিজিৎ বলেন, “আমরা আন্দোলন করব না—এমন কোনো বন্ডে সই করিনি। আমরা আবার রাস্তায় নামব। মোদী বা শাহকে আমরা বিন্দুমাত্র ভয় পাই না। আমাকে একশোবার জেলে ভরুক, তবুও এই স্বৈরতন্ত্রকে ভয় করব না। এই স্বৈরাচার শেষ করেই ছাড়ব।” পরবর্তীতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ঠিক একই বার্তা তুলে ধরেন তিনি।

অন্যদিকে, এই আটক পর্বের মাঝেই এক বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিজিৎ পুলিশের হেফাজতে থাকার সময়ই মারা যান তাঁর ঠাকুমা। অভিজিতের পরিবারের অভিযোগ, আটক থাকায় ছেলের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি এবং ঠাকুমার মৃত্যুর খবরও তাঁর কাছে পৌঁছায়নি। যদিও দিল্লি পুলিশের দাবি ছিল, হেফাজতে থাকা অবস্থাতেই অভিজিৎকে তাঁর ঠাকুমার মৃত্যুর খবর দেওয়া হয়েছিল এবং তিনি চাইলে বাড়ি যেতে পারতেন। কিন্তু দিল্লি পুলিশের এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছে অভিজিতের পরিবার। আপাতত ঠাকুমার শেষকৃত্যের উদ্দেশ্যে বাড়ি গেলেও, দিল্লি পৌঁছেই ফের বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিজেপি প্রধান।