চোখের নিমেষে তলিয়ে গেল যাত্রীবাহী নৌকা! ১৫ শিশুসহ শতধিক মানুষের মর্মান্তিক মৃত্যুতে কেঁপে উঠল বিশ্ব

আফ্রিকার উপকূলে ভয়ংকর নৌকাডুবি! ৩৫০ জন যাত্রীর মধ্যে ১০৯ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

উন্নত জীবনের আশায় লোহিত সাগর পেরিয়ে ইয়েমেনের দিকে পাড়ি দিয়েছিলেন শত শত মানুষ। কিন্তু শেষরক্ষা হলো না। আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি ওভারলোডেড নৌকা উল্টে গিয়ে ঘনীভূত হলো এক গভীর মানবিক বিপর্যয়। রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM)-এর তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যে অন্তত ১০৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জনেরও বেশি যাত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে জিবুতির ওবক বন্দর শহরের উত্তরে গুহেরে এলাকার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ধারণক্ষমতার অতিরিক্ত লোক তোলার কারণে মাঝসমুদ্রে প্রবল ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি উল্টে যায়।

বেঁচে ফেরা যাত্রীদের বয়ান অনুযায়ী, রাতের আঁধারে আচমকাই নৌকাটি ডুবে যাওয়ায় যাত্রীদের অধিকাংশই সামলে ওঠার সুযোগ পাননি। উদ্ধার হওয়া মৃতদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন মহিলা এবং ১৫টি নিষ্পাপ শিশুও রয়েছে। তবে এই দুর্ঘটনায় সৌভাগ্যবশত ৮০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া আহতদের ওবকের অভিবাসী সহায়তা কেন্দ্রে রেখে জরুরি চিকিৎসা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

এদিকে, নিখোঁজ যাত্রীদের খোঁজে জিবুতির উপকূলরক্ষী বাহিনী ও উদ্ধারকারী দলগুলি জোরকডমে তল্লাশি অভিযান চালাচ্ছে। বারবার এই সমুদ্রপথের ভয়াবহতা ও চোরাচালান চক্রের দৌরাত্ম্য নিয়ে আন্তর্জাতিক মহলে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই অবৈধ পথে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। এই করুণ মর্মান্তিক ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।