ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র! ফর্ম ৬ বদল নিয়ে সোশ্যালে বিস্ফোরক রাহুল গান্ধি, কাঠগড়ায় টিসিএস

ভোটার তালিকায় প্রথমবার নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত ‘৬ নম্বর ফর্ম’ (Form 6) অনলাইনে অবৈধভাবে পরিবর্তন করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁর দাবি, এই ফর্ম প্রিন্ট করার কাজ পাওয়া টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস-কে কে বা কারা এই বদলের নির্দেশ দিয়েছে, সেই নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তুলেছে কংগ্রেস।

গত কালই নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ও তৃণমূল সহ ১৯টি বিরোধী দল এক মেগা বৈঠকে অংশ নিয়েছিল। ঠিক তার পরের দিনই সোশাল মিডিয়ায় সোচ্চার হন রাহুল গান্ধি। তিনি লেখেন, অনলাইনে ৬ নম্বর ফর্মে অবৈধভাবে পরিবর্তন করা হয়েছে। টিসিএস-কে কে এই পরিবর্তনের নির্দেশ দিল এবং কে তাদের চূড়ান্ত ছাড়পত্র দিল, সেই জবাবদিহি করতে হবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, জেন জি (Gen Z) প্রজন্মকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই অসাংবিধানিক বদল আনা হয়েছে। সবমিলিয়ে, নির্বাচন কমিশনের কাজ এবং টিসিএস-এর ভূমিকা নিয়ে এই নতুন বিতর্ক দেশের রাজনীতিতে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে।

Pratik Saha
  • Pratik Saha