“গরুর গাড়ির হেডলাইট!” মমতাকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু, রেজিনগরের সভা থেকে তুললেন ঝড়

রেজিনগরের উপনির্বাচনের প্রচারে গিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাখারভ সরকারের হয়ে প্রচার করতে গিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাশাপাশি বাম ও কংগ্রেস শিবিরকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি।
বৃহস্পতিবার রেজিনগরের জনসভা থেকে শুভেন্দু দাবি করেন, আগামী দিনে রাজ্যে তৃণমূল এবং জোড়াফুল—কোনোটিরই নাম-নিশান থাকবে না। মুখ্যমন্ত্রীকে ‘গরুর গাড়ির হেডলাইট’ বলে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “নন্দীগ্রামেই আমি বলেছিলাম তৃণমূলের নাম-নিশান থাকবে না। আজ তৃণমূলের সাংসদ ও বিধায়কদের একাংশ অন্য দিকে হাঁটে। নির্বাচন কমিশনও বিভ্রান্ত আসল ও নকল নিয়ে। তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট।”
বাম ও কংগ্রেসকেও একহাত নেন শুভেন্দু। ৩৪ বছর শাসন করা বামেদের বিধানসভায় ‘সবেধন নীলমণি ১’ এবং সাইনবোর্ড সর্বস্ব কংগ্রেসে মাত্র ‘২’ জন বিধায়ক রয়েছে বলে বিদ্রূপ করেন তিনি। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, কংগ্রেস চাইলে সাগরদিঘির উপনির্বাচনের মতোই এক নিমেষে ভোকাট্টা হয়ে যেতে পারে।
এদিনের সভা থেকে স্থানীয় রাজনীতি এবং অন্যান্য রাজনৈতিক সমীকরণ নিয়েও সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রেজিনগর তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের ডাক দিয়েছেন। বেকারত্ব ও শিল্প ধ্বংসের প্রসঙ্গ টেনে সাধারণ মানুষকে তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। শেষ পর্যন্ত সমস্ত দায়িত্ব রেজিনগরের সাধারণ মানুষের ওপর ছেড়ে দিয়ে উপনির্বাচনে বড় জয়ের আশাবাদ ব্যক্ত করেন বিরোধী দলনেতা।