সইফ আলি খানের সঙ্গে অমিতাভ বচ্চনের এই অদ্ভুত আত্মীয়তার কথা জানেন কি? চমকে যাবেন সম্পর্কের সমীকরণ শুনলে!

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন এবং ছোট নবাব সইফ আলি খানের মধ্যে যে একটি নিবিড় পারিবারিক যোগ রয়েছে, সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে সেই বিস্ফোরক তথ্যই প্রকাশ্যে এনেছেন খোদ বিগ বি। সম্প্রতি ‘হ্যায়ওয়ান’ ছবির প্রচারে অক্ষয় কুমারের সঙ্গে কেবিসি-র হটসিটে হাজির হয়েছিলেন সইফ। আর সেখানেই শোয়ের প্রোমো চলাকালীন অমিতাভ এমন এক পারিবারিক সমীকরণের কথা ফাঁস করেন, যা শুনে রীতিমতো অবাক হয়ে যান স্বয়ং সইফ আলী খানও।
আসলে এই দুই হেভিওয়েট পরিবারের মধ্যে সরাসরি কোনো রক্তের সম্পর্ক নেই, পুরোটাই যুক্ত রয়েছে কাপুর পরিবারের হাত ধরে। হিসাব কষে দেখা গেছে, অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছে নিখিল নন্দের সঙ্গে, যিনি সম্পর্কে কিংবদন্তি রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দের ছেলে। অন্যদিকে, সইফ আলি খানের স্ত্রী করিনা কাপুরের দাদাও হলেন স্বয়ং রাজ কাপুর। সেই সুবাদেই বৈবাহিক সূত্রের জটিল সমীকরণে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা হলেন সইফের স্ত্রীর পিসতুতো বৌদি। অর্থাৎ রক্তের টান না থাকলেও, ঘুরপথে বচ্চন ও পতৌদি পরিবার যে এক সুতোয় বাঁধা, তা খোদ বিগ বির মুখেই পরিষ্কার হয়ে গেল।