উত্তরাখণ্ডে প্রলয়ঙ্করী বৃষ্টির আশঙ্কা! জারি লাল ও কমলা সতর্কতা, কী জানাল আবহাওয়া দপ্তর?

ভারতের আবহাওয়া দপ্তর (IMD) উত্তরাখণ্ডের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির জেরে কমলা ও লাল সতর্কতা জারি করেছে। দেরাদুন, নৈনিতাল এবং বাগেশ্বর জেলায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া রাজ্যের অন্যান্য জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাহাড়ি এই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ঝাপ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে রুদ্রপ্রয়াগসহ বিভিন্ন উচ্চ পাহাড়ি এলাকায় একটানা বৃষ্টির কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় পাহাড়ি পথের দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে গেছে, যার ফলে যান চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। প্রবল বর্ষণ ও অতিরিক্ত আর্দ্রতার কারণে পাহাড়ি এলাকার গ্রামীণ অর্থনীতি এবং কৃষিকাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেতে জল জমে যাওয়ায় কৃষিকাজ সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন স্থানীয় কৃষকরা। উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (USDMA)-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতি মোকাবিলায় সমস্ত জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পাহাড়ি রাস্তায় ধস নামার আশঙ্কা থাকায় যাত্রীদের সাবধানে যাতায়াত করতে বলা হয়েছে। আগামী কয়েকদিনের জন্য IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দেরাদুন, তেহরি, উত্তরকাশী, নৈনিতাল, চম্পাওয়াত, উধম সিং নগর, পিথোরাগড় এবং বাগেশ্বর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাত ও তীব্র বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এরপর ৪ সেপ্টেম্বর নৈনিতাল, চম্পাওয়াত, দেরাদুন, হরিদ্বার এবং বাগেশ্বরেও ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ৫ সেপ্টেম্বর দেরাদুন, হরিদ্বার ও পাউরি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পর্যটক ও চারধাম যাত্রীদের সুরক্ষার স্বার্থে স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।