হাসপাতালে স্বজনহারাদের উপচে পড়া ভিড়, কারও ভরসা ট্যাটু তো কেউ খুঁজছেন ভাইয়ের মৃতদেহ! নেপাল বিপর্যয়ের মর্মান্তিক দৃশ্য

প্রকৃতির এক বিধ্বংসী ও ভয়াবহ রূপ দেখার পর কেটে গেছে পাঁচটি দীর্ঘ দিন। উদ্ধারকাজ এখনও চলছে পুরোদমে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেপালের ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এর মাঝেই সবথেকে মর্মান্তিক ছবি ধরা পড়েছে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর একটি হাসপাতালের সামনে। প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে হাসপাতালের মর্গের বাইরে অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছেন শত শত মানুষ। কারোর চোখের কোণে জমা জল, তো কেউ আবার বুকফাটা কান্না চেপে তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন একটিমাত্র খবরের জন্য।

ভয়াবহ এই বিপর্যয়ে যাঁদের পরিবারের সদস্যরা নিখোঁজ হয়েছেন, তাঁদের অনেকেই প্রিয়জনকে চেনার একমাত্র মাধ্যম হিসেবে আকড়ে ধরেছেন অদ্ভুত কিছু নিশানা। কারোর শেষ ভরসা নিখোঁজ সদস্যের হাতে থাকা বিশেষ কোনো ট্যাটু, তো কেউ আবার মোবাইল ফোনের স্ক্রিনে মৃত বা নিখোঁজ ভাইয়ের ছবি আঁকড়ে ধরে হাসপাতালের কর্মীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া মরদেহগুলির তালিকা সামনে আসতেই তা দেখার জন্য উপচে পড়ছে মানুষের ভিড়। হিমবাহ ধসে বয়ে চলা জলের স্রোত ও কাদামাটির নিচে এখনও পর্যন্ত বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে, নেপালের একাংশ জুড়ে এই মুহূর্তে শুধুই ধ্বংসের ছবি এবং স্বজনহারা মানুষের বুকফাটা হাহাকার।

Pratik Saha
  • Pratik Saha