পিজিতে তরুণীর অন্তর্বাস ও স্যানিটারি প্যাড চুরির কাণ্ড! হাতেনাতে ধরা পড়ল অডিট কনসালট্যান্ট

পেয়িং গেস্ট (পিজি) আবাসনে থাকা এক তরুণীর অন্তর্বাস ও স্যানিটারি প্যাড চুরির অভিযোগে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কর্ণাটকের বেঙ্গালুরুর কোরামঙ্গলা এলাকা থেকে গিরিরাজ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা ওই ধৃত যুবক একটি নামী গয়না বিক্রয়কারী প্রতিষ্ঠানে অডিট কনসালট্যান্ট হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোরামঙ্গলার একটি আবাসনে গত তিন মাস ধরে পেয়িং গেস্ট হিসেবে বসবাস করছিলেন এক ২৫ বছরের তরুণী। ওই আবাসনের প্রথম তলাটি মহিলাদের জন্য এবং দ্বিতীয় তলাটি পুরুষদের জন্য নির্ধারিত ছিল। দ্বিতীয় তলায় থাকত ধৃত গিরিরাজ। অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই তরুণীর ঘর থেকে অন্তর্বাস চুরি হচ্ছিল। গত ২৪ অগস্ট সকালে তরুণী ও তাঁর রুমমেট দরজা না লাগিয়ে বাইরে যাওয়ার সুযোগ নেয় ওই যুবক। ঘরে ঢুকে তরুণীর পোশাক এবং পাঁচটি স্যানিটারি প্যাড চুরি করার পর সেগুলি অত্যন্ত অশ্লীল ও বিকৃত ভঙ্গিতে ঘরে সাজিয়ে রেখেছিল সে। এরপর ২৫ অগস্ট সকালেও সে ফের ওই ঘরে প্রবেশের চেষ্টা করলে সন্দেহ দানা বাঁধে।

ঘটনাটি বারবার ঘটতে থাকায় অবশেষে কোরামঙ্গলা থানার দ্বারস্থ হন ভুক্তভোগী তরুণী। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়াতেই আসল সত্য প্রকাশ্যে আসে। ফুটেজে স্পষ্ট দেখা যায়, অভিযুক্ত যুবক ওই তরুণীর ঘরে প্রবেশ করছে। এই অকাট্য প্রমাণের ভিত্তিতেই পুলিশ তাকে আটক করে এবং জেরা করার পর সে নিজের অপরাধ স্বীকার করে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠিয়েছে। এই ঘটনায় পিজি বা আবাসনে নিরাপত্তা নিয়ে তরুণীদের একাংশে গভীর আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha