‘আর্টস হোস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট! এত সাহস?’ যাদবপুর নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন দেওয়াল লিখন ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে চরম আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন যাদবপুর প্রসঙ্গে অত্যন্ত কড়া সুরে মুখ্যমন্ত্রী বলেন, আর্টস হোস্টেলের দেওয়ালে ‘রেড স্যালুট কিষেণজি’ লেখার স্পর্ধা কীভাবে হয়?
মাওবাদী নেতা কিষেণজির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, যিনি ভারতের সংবিধানকে পুড়িয়ে দিতে বলতেন এবং দেশের অখণ্ডতার বিরুদ্ধে আলাদা রাষ্ট্র গড়ার কথা বলতেন, তাঁকে কীভাবে সম্মান জানানো হয়? যাঁরা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান লেখেন, তাঁদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, এর বদলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) ভারতের ফেরত পাওয়ার দাবি লেখা উচিত, কারণ এর জন্য ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আত্মবলিদান দিয়েছিলেন।
স্নাতক বা প্রাক্তনী হওয়ার পরেও দীর্ঘদিন ধরে হোস্টেলে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুংকার দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চত্বরে মাদক বা অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। অতীতে জঙ্গলমহলে মাওবাদীদের শক্ত ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিষ্কার করার ক্ষেত্রেও তাঁর সরকার কোনোও কুণ্ঠাবোধ করবে না।