এক ঘণ্টায় ঠিক কতটা বিদ্যুৎ তৈরি করতে পারে একটি সোলার প্যানেল? পকেট বাঁচাতে আজই জেনে নিন অঙ্কটা!

বিদ্যুতের লাগামছাড়া খরচের হাত থেকে বাঁচতে বর্তমানে বিকল্প শক্তির উৎস হিসেবে সৌরবিদ্যুতের ওপর ভরসা রাখছেন সাধারণ মানুষ। বাড়ি থেকে শুরু করে অফিস—সবক্ষেত্রেই সোলার প্যানেল বসানোর প্রবণতা হু-হু করে বাড়ছে। সরকারি স্তরেও সৌরশক্তির প্রসারে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অনেকের মনেই সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরেফিরে আসে, তা হলো—একটি সোলার প্যানেল এক ঘণ্টায় ঠিক কতটা বিদ্যুৎ তৈরি করতে পারে?
সূর্যের আলো থেকে কীভাবে তৈরি হয় বিদ্যুৎ? সোলার প্যানেলের ভেতরে মূলত থাকে ফোটোভোলটাইক সেল, যা তৈরিতে প্রধান উপাদান হিসেবে সিলিকন ব্যবহার করা হয়। যখন সূর্যের তীব্র আলো এই সেলের ওপর এসে পড়ে, তখন তার মধ্যে থাকা ইলেকট্রনগুলো সক্রিয় হয়ে চলাচল শুরু করে। এই ইলেকট্রনের প্রবাহের ফলেই মূলত বিদ্যুৎ উৎপন্ন হয়।
তবে আমাদের বাড়ির অধিকাংশ বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে প্রয়োজন হয় এসি (AC) বিদ্যুৎ। তাই সোলার প্যানেল থেকে উৎপন্ন ডিসি (DC) বিদ্যুৎ ইনভার্টারের সাহায্য এসি-তে রূপান্তরিত করা হয়। এরপর সেই বিদ্যুৎ দিয়েই ফ্যান, টিভি, ফ্রিজ, এসি এবং আলোসহ দৈনন্দিন জীবনের নানা সরঞ্জাম চালানো সম্ভব হয়।
এক ঘণ্টায় কতটা বিদ্যুৎ তৈরি হয়? বিশেষজ্ঞদের মতে, সোলার প্যানেলের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পূর্ণ নির্ভর করে তার ওয়াট বা ক্ষমতার ওপর। পাশাপাশি, সূর্যের আলোর তীব্রতা, আবহাওয়ার পরিস্থিতি এবং প্যানেলটি সঠিক কোণে বসানো হয়েছে কি না—এই বিষয়গুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদাহরণ স্বরূপ বলা যায়, একটি ৪০০ ওয়াটের সোলার প্যানেল যদি আদর্শ পরিস্থিতিতে এক ঘণ্টা ভালো ও সরাসরি সূর্যালোক পায়, তবে তাত্ত্বিকভাবে তা প্রায় ০.৪ ইউনিট বা ০.৪ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ তৈরি করতে পারে। একইভাবে, ১০০ ওয়াটের প্যানেল প্রায় ০.১ ইউনিট, ২৫০ ওয়াটের প্যানেল প্রায় ০.২৫ ইউনিট এবং ৫০০ ওয়াটের প্যানেল প্রায় ০.৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
অবশ্য বাস্তব ক্ষেত্রে উৎপাদন কিছুটা কম হতে পারে। মেঘলা আকাশ, বৃষ্টি, ধুলোবালি, ছায়া বা প্যানেলের ওপর তাপমাত্রার প্রভাবের কারণে নির্ধারিত ক্ষমতার তুলনায় কার্যকারিতা কিছুটা হ্রাস পেতে পারে।
দিনে মোট কতটা বিদ্যুৎ পাওয়া যায়? সাধারণত দিনে ৪ থেকে ৬ ঘণ্টা ভালো সূর্যালোক পাওয়া গেলে ৪০০ ওয়াটের একটি একক প্যানেল থেকে আনুমানিক ১.৬ থেকে ২.৪ ইউনিট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। এই হিসাব অনুযায়ী, ৩ কিলোওয়াটের একটি পূর্ণাঙ্গ সোলার সিস্টেম বসালে দিনে প্রায় ১২ থেকে ১৮ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে চূড়ান্ত উৎপাদন পুরোপুরি নির্ভর করবে স্থানীয় আবহাওয়া এবং ইনস্টলেশনের মানের ওপর।