ভয়ঙ্কর হড়পা বানে ছারখার নেপাল! নিখোঁজ শতাধিক ভারতীয়, বালেন্দ্রকে ফোন করে কী আশ্বাস দিলেন মোদি?

ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত পড়শি দেশ নেপাল। বুধবার আচমকা নেমে আসা হড়পা বানে মুহূর্তে ছারখার হয়ে গিয়েছে একের পর এক গ্রাম, রাস্তা ও সেতু। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে বাড়ছে আতঙ্ক ও হাহাকার। এমন সংকটজনক পরিস্থিতিতে নেপালের খোঁজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি নিজেই সেই কথা জানিয়েছেন।

এক্স হ্যান্ডলে (তৎকালীন টুইটার) প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-র সঙ্গে কথা বললাম এবং নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছি। এই কঠিন সময়ে ভারত নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে।” একই সঙ্গে তিনি জানান, নেপালকে সম্ভাব্য সমস্ত ধরনের মানবিক সহায়তা প্রদানে ভারত সম্পূর্ণ প্রস্তুত। উদ্ধার ও ত্রাণ তৎপরতার ওপর ভারতের বিশেষ দলগুলি নিবিড় নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, নেপালের সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এই ভয়াবহ বিপর্যয়ে এখনও পর্যন্ত ১০৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। জানা গিয়েছে, ওই পর্যটকরা মানস সরোবরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। নেপাল পর্যটন পর্ষদের তথ্য বলছে, আচমকা এই হড়পা বানে অন্তত ২৯১ জন বিদেশি নাগরিকসহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে পড়শি দেশের এই হাড়হিম করা পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে সর্বস্তরে।