বছরে মাত্র দু’বার ইনজেকশন দিলেই মিলবে রক্ষা! ভারতে আসছে যুগান্তকারী এইচআইভি প্রতিরোধক ওষুধ

এইচআইভি সংক্রমণ প্রতিরোধে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে খুব শীঘ্রই ভারতের বাজারে আসছে অত্যন্ত কার্যকরী ইনজেকশনযোগ্য ওষুধ ‘লেনকাপাভির’ (lenacapavir)। প্রাপ্তবয়স্ক ও কিশোর-কিশোরীদের মধ্যে যারা এইচআইভি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন, তাঁদের সুরক্ষার ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত যৌন মিলনের মাধ্যমে এইচআইভি-ওয়ান ভাইরাসের বিস্তার রোধে বছরে মাত্র দু’বার এই ইনজেকশন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

দেশীয় বাজারে এই ওষুধ দ্রুত উপলব্ধ করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি। ডেসটিন ও বিক্রির সুবিধার্থে এই কমিটি প্রখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘ডাঃ রেড্ডি’s’ এবং ‘ম্যাককিওর ফার্মাসিউটিক্যালস’-কে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ও বায়োইকুইভ্যালেন্স স্টাডি থেকে অব্যাহতি দিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিশেষ অনুমোদন দেওয়া হয়। তবে শর্ত হিসেবে কোম্পানিগুলিকে ‘পোস্ট-মার্কেটিং ফেজ-ফোর’ ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে ওষুধের কার্যকারিতা সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে।

জানা গিয়েছে, ডাঃ রেড্ডি ল্যাবরেটরিজ ৪৬৩.৫ মিলিগ্রাম প্রতি ১.৫ মিলিলিটার মাত্রার এই ইনজেকশনটি দেশে উৎপাদন ও বাজারজাত করার জন্য ইতিমধ্যেই প্রস্তাব জমা দিয়েছে। একই ধরনের প্রস্তাব জমা দিয়েছে অন্য সংস্থাও। বাজারজাতকরণের অনুমোদন পাওয়ার তিন মাসের মধ্যে এই কোম্পানিগুলি সিডিএসসিও-র কাছে চতুর্থ ধাপের গবেষণার পরিকল্পনা জমা দেবে।

আমেরিকায় গিলিয়াড সায়েন্সেস সংস্থার বাজারজাত করা এই ব্র্যান্ডেড ওষুধের পেছনে একজন রোগীকে বছরে প্রায় ২৮ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকা খরচ করতে হয়। তবে স্বস্তির বিষয় হলো, ভারতের জেনেরিক ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি অত্যন্ত কম খরচে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। প্রাথমিক অনুমান অনুযায়ী, ভারতে এর খরচ জনপ্রতি বছরে মাত্র ৪০ ডলার বা প্রায় ৩,৮০০ টাকার আশেপাশে হতে পারে। যদিও এর চূড়ান্ত বাজারমূল্য সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কোম্পানিগুলির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।