প্রতিরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ! এবার দেশীয় সংস্থাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে DRDO-র মিসাইল প্রযুক্তি

দেশের সামরিক ক্ষমতা এবং প্রতিরক্ষা উৎপাদন খাতকে আরও এক ধাপ এগিয়ে দিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এতদিন ধরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র (DRDO) গবেষণাগারেই মূলত সীমাবদ্ধ থাকত দেশের সমস্ত কনভেনশনাল মিসাইল বা প্রচলিত ক্ষেপণাস্ত্রের নকশা ও প্রযুক্তির কাজ। তবে এবার সেই নিয়মে বড় বদল আসছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চূড়ান্ত অনুমোদন দিয়েছেন যে, ডিআরডিও-র তৈরি সমস্ত মিসাইল প্রযুক্তি এবার হস্তান্তর করা হবে দেশীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলির কাছে।
এই সিদ্ধান্তের ফলে দেশের সরকারি ও বেসরকারি উৎপাদনকারী সংস্থাগুলি সরাসরি ভারতেই আন্তর্জাতিক মানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিপুল পরিমাণে তৈরি করতে পারবে। এতদিন পর্যন্ত এই সমস্ত অত্যাধুনিক অস্ত্রের গবেষণা ও পরীক্ষামূলক উন্নয়নের কাজ শুধু ডিআরডিও-র ল্যাবরেটরির গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে নতুন এই নীতি অনুযায়ী, নির্দিষ্ট দক্ষতা, প্রয়োজনীয় লাইসেন্স এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত গুণমান বজায় রাখতে পারলে ভারতের যেকোনো যোগ্য সংস্থাই এই মিসাইল উৎপাদনের লাইসেন্স বা অধিকার পেতে পারে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সামরিক শক্তি বৃদ্ধি এবং অস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমিয়ে ‘আত্মনির্ভর ভারত’ (Make in India Defence) অভিযানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে একদিকে যেমন দেশীয় প্রতিরক্ষা শিল্পে বেসরকারি অংশগ্রহণের সুযোগ বাড়বে, তেমনই ভারত খুব শীঘ্রই বিশ্ববাজারে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করতে পারবে।