“তরুণদের দায়িত্ব দেওয়ার সময় এসেছে!” অবসরের জল্পনা উড়িয়ে সপাট জবাব নীতিন গড়কড়ির মন্ত্রকের

রাজনৈতিক ও প্রশাসনিক জগৎ থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির (Nitin Gadkari) অবসর নেওয়ার জল্পনা পুরোপুরি উড়িয়ে দিল তাঁর মন্ত্রক। সোমবার মন্ত্রকের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো, গড়কড়ি দল ও সরকারের আগের মতোই সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন। তাঁর অবসর নিয়ে যে সমস্ত গুঞ্জন তৈরি হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
গত রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র নাগপুরের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেছিলেন যে, তিনি আর আগের মতো কাজের চাপ নিতে পারছেন না এবং এখন তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে। মারাঠি ভাষায় করা তাঁর এই মন্তব্যটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় যে, তবে কি কেন্দ্রীয় মন্ত্রিসভা বা সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিতে চলেছেন বিজেপির এই প্রবীণ নেতা? পাশাপাশি, সাম্প্রতিক নানা রাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানিতে ইথানল ব্যবহার নিয়ে বিতর্কের আবহে এই মন্তব্যকে অনেকেই তাঁর ‘বিদায় বার্তা’ বলে ধরে নেন।
তবে এই সমস্ত জল্পনায় জল ঢেলে সোমবার বিকালে মন্ত্রক এবং মন্ত্রীর ঘনিষ্ঠ মহল থেকে সাফ জানানো হয় যে, নাগপুরের ওই অনুষ্ঠানের বক্তব্যের সঙ্গে প্রত্যক্ষভাবে রাজনীতি বা সরকারের কোনো যোগ নেই। নাগপুরের যে ‘মানকর ট্রাস্ট’ (Laxmanrao Mankar Trust) একলব্য স্কুল পরিচালনা করে, তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন নীতিন গড়কড়ি। ওই ট্রাস্টের কাজের প্রসঙ্গেই তিনি তরুণদের এগিয়ে আসার কথা বলেছিলেন। ট্রাস্টের পরিচালনার দায়িত্ব নতুন প্রজন্মের হাতে সঁপে দেওয়ার প্রসঙ্গকেই ভুলভাবে রাজনৈতিক রঙ চড়িয়ে প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরিষ্কার হয়ে গেল যে, মন্ত্রিত্ব ছাড়ছেন না নীতিন গড়কড়ি।