‘ওষুধ খেলেই কি মাথায় আর চুল থাকবে না?’ ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসার নতুন বিপদ নিয়ে চিকিৎসকদের চাঞ্চল্যকর দাবি!

অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের জেরে বর্তমান সময়ে ডায়াবেটিস এবং স্থূলতার সমস্যা মহামারী রূপ ধারণ করেছে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ কিংবা শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে চিকিৎসকদের পরামর্শে লাখ লাখ মানুষ বিভিন্ন ওষুধের ওপর নির্ভর করছেন। তবে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণার ফল প্রকাশ্যে আসার পরেই চিকিৎসা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণের এই আধুনিক ওষুধগুলি শরীরের মেদ ঝরালেও মাথার চুলের স্বাস্থ্যের ওপর মারাত্মক ও বিরূপ প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, বাজারে অত্যন্ত জনপ্রিয় জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট (GLP-1 RA) জাতীয় ওষুধ—বিশেষ করে ওজেম্পিক (Ozempic), সেমাগ্লুটাইড (semaglutide) এবং তিরজেপাটাইড (tirzepatide)—চুলের স্বাভাবিক বৃদ্ধির প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে। এর ফলে ব্যবহারকারীদের মধ্যে দ্রুত চুল পড়ে যাওয়া এবং চুল পাতলা হয়ে টাক পড়ার মতো সমস্যা বৃদ্ধি পাচ্ছে। গবেষকদের পরিসংখ্যান অনুযায়ী, এসজিএলটি-২ (SGLT-2) ইনহিবিটর গ্রহণকারী রোগীদের তুলনায় জিএলপি-১ আরএ (GLP-1 RA) ব্যবহারকারীদের ক্ষেত্রে টাক পড়ার ঝুঁকি প্রায় ৩৭ শতাংশ পর্যন্ত বেশি। পাশাপাশি, ডিপিিপি-৪ (DPP-4) ইনহিবিটর গ্রহণকারীদের তুলনায় এই ঝুঁকি প্রায় ৬৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

চিকিৎসা বিজ্ঞান বলছে, সেমাগ্লুটাইড মূলত টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং অতিরিক্ত ওজনযুক্ত ব্যক্তিদের ওজন দ্রুত কমাতে বহুল ব্যবহৃত হয়। এটি জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট শ্রেণীর একটি শক্তিশালী ওষুধ, যা শরীরের একটি প্রাকৃতিক হরমোনের অনুকরণে কাজ করে ক্ষুধা দমন করে এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। অন্যদিকে, ডিপিিপি-৪ ইনহিবিটর জাতীয় ওষুধগুলি এনজাইমের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে ইনসুলিন নিঃসরণকে উদ্দীপিত করে। বিগত ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে ১৫,২২১ জন এসজিএলটি-২ ইনহিবিটর ব্যবহারকারীর ওপর সমীক্ষা চালিয়ে এই আশঙ্কাজনক তথ্য সামনে আনা হয়েছে। গবেষকদের মতে, জীবন বাঁচানোর বা ওজন নিয়ন্ত্রণের এই ওষুধগুলির যেমন উপকারিতা রয়েছে, তেমনই এর দীর্ঘমেয়াদী ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে রোগীদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty