ভোলবদল রমানন্দ সাগরের ‘সীতা’র! রণবীরের ‘রামায়ণ’ দেখে একী বললেন দীপিকা চিখলিয়া?

রমানন্দ সাগরের কালজয়ী ‘রামায়ণ’ ধারাবাহিকের ‘সীতা’ অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিখলিয়া অবশেষে মুখ খুললেন নিতেশ তিওয়ারির নতুন ছবি নিয়ে। অতীতে বারবার রামায়ণ রিমেক করার বিরুদ্ধে সরব হলেও, রণবীর কাপুর অভিনীত এই ছবির ঝলক দেখে নিজের মত বদলেছেন তিনি। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পেতে চলা এই মেগা প্রজেক্ট নিয়ে এখন গোটা দেশ উত্তাল।

কী বললেন দীপিকা?
গত বছর ওম রাউতের ‘আদিপুরুষ’ দেখার পর তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন দীপিকা। কিন্তু নিতেশ তিওয়ারির ছবির টিজার দেখে তাঁর গলায় এখন প্রশংসার সুর। তিনি বলেন, “আমি টিজারটি দেখেছি, এটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং ‘রিচ’। ওরা খুব সুন্দরভাবে এটি তৈরি করেছে। এখন আমি ছবিটার জন্য অপেক্ষা করছি।”

৭ বছরের প্রতীক্ষা:
টিজার লঞ্চের সময় পরিচালক নিতেশ তিওয়ারি আবেগপ্রবণ হয়ে জানান, এই মুহূর্তটির জন্য তিনি দীর্ঘ সাত বছর অপেক্ষা করেছেন। ৮ বার অস্কারজয়ী ডিএনইজি (DNEG)-এর ভিএফএক্স এবং হ্যান্স জিমার ও এ.আর. রহমানের সুরের মেলবন্ধনে তৈরি এই ছবি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক হতে চলেছে। রণবীর কাপুর (রাম), সাই পল্লবী (সীতা) ও যশ (রাবণ)—এই ত্রয়ীর রসায়ন দেখতে এখন প্রহর গুনছেন দর্শকরা। রমানন্দ সাগরের ‘সীতা’ যখন নিজেই সবুজ সংকেত দিয়েছেন, তখন রণবীরের কাঁধে প্রত্যাশার চাপ যে কয়েক গুণ বেড়ে গেল, তা বলাই বাহুল্য।