মোথাবাড়ি কাণ্ডে পুলিশের কবুলনামা! কেন ৮ ঘণ্টা বন্দি থাকলেন বিচারকরা? মুখ খুললেন এডিজি

এপ্রিলের শুরুতেই মালদহের মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের প্রায় ৮ ঘণ্টা আটকে রাখার ঘটনায় অবশেষে মুখ খুলল পুলিশ প্রশাসন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গের এডিজি কে জয়রমণ স্বীকার করে নিয়েছেন যে, সেদিন বিচারকদের উদ্ধার করতে অনেক দেরি হয়েছিল। তবে এই বিলম্বের পেছনে এক চাঞ্চল্যকর কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
এডিজি জানান, বিডিও অফিসের ভেতরে যখন বিচারকরা অবরুদ্ধ ছিলেন, বাইরে বিক্ষোভকারীদের ভিড়ে প্রচুর সংখ্যায় মহিলা ও শিশু উপস্থিত ছিল। মানবিক খাতিরে এবং বড় কোনো দুর্ঘটনা এড়াতে পুলিশ সেই মুহূর্তে সরাসরি বলপ্রয়োগ বা লাঠিচার্জ করতে পারেনি। ‘ঢাল’ হিসেবে নারী ও শিশুদের ব্যবহার করায় পুলিশি পদক্ষেপ নিতে দেরি হয়। শেষ পর্যন্ত রাত ১২টার দিকে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই কৌশলী অবস্থান এবং বিচারকদের দীর্ঘক্ষণ আটকে থাকা নিয়ে বর্তমানে রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।