আমদাবাদকে টেক্কা দিতে মুম্বইয়ে বিশাল স্টেডিয়াম! ১ লক্ষ দর্শকাসনে কাঁপবে মহারাষ্ট্র

ক্রিকেট বিশ্বে পরিকাঠামোর লড়াইয়ে এবার আমদাবাদকে চ্যালেঞ্জ জানাতে চলেছে মুম্বই। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর এবার ভারতের মাটিতে আরও একটি এক লক্ষ দর্শকাসনের বিশাল ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে। মহারাষ্ট্রের এই মেগা প্রজেক্টটি যৌথভাবে নির্মাণ করবে সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিডকো) এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)। এটি তৈরি হলে দর্শকাসনের বিচারে এটি হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম।
সম্প্রতি এই প্রকল্পের রূপরেখা নিয়ে এমসিএ প্রেসিডেন্ট অজিঙ্ক্য নায়েক এবং সিডকোর ম্যানেজিং ডিরেক্টর বিজয় সিঙ্ঘলের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে মুম্বইয়ে ওয়াংখেড়ে (৩৩,০০০), সিসিআই (৫০,০০০) এবং ডিওয়াই পাতিল স্টেডিয়াম থাকলেও আন্তর্জাতিক বড় ম্যাচের চাহিদা মেটাতে এই বিশাল স্টেডিয়ামটি গেম-চেঞ্জার হতে চলেছে। মনে করা হচ্ছে, এই নতুন স্টেডিয়াম তৈরি হলে ঐতিহ্যবাহী ওয়াংখেড়ের গুরুত্ব কিছুটা কমতে পারে।
বর্তমানে ১.৩২ লক্ষ আসন নিয়ে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের তকমা ধরে রেখেছে আমদাবাদ, যেখানে ভারত ২০২৬-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। অজিঙ্ক্য নায়েক জানিয়েছেন, এই নতুন স্টেডিয়াম শুধু মহারাষ্ট্রের ক্রিকেটকেই এগিয়ে নেবে না, বরং স্পোর্টস ট্যুরিজম ও কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে। বিশ্বমানের পরিকাঠামোয় আগামী দিনে বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের লক্ষ্যেই এই পদক্ষেপ।