পশ্চিম এশিয়ায় ঘনীভূত হওয়া যুদ্ধের কালো মেঘের আবহে ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক নজিরবিহীন মানবিক উদ্যোগ নিয়েছে ভারতের কাশ্মীর উপত্যকার বাসিন্দারা। বিশেষ করে বুদগাম, শ্রীনগর এবং বারামুলার শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে গত কয়েকদিন ধরে চলছে বিশাল ত্রাণ সংগ্রহ অভিযান। ইরানের ওপর ইজরায়েল ও আমেরিকার সাম্প্রতিক হামলার ফলে তৈরি হওয়া মানবিক সংকটে সাড়া দিয়ে স্থানীয় মহিলারা তাঁদের নিজের হাতের বালা, কানের দুল থেকে শুরু করে বহুমূল্য সোনার গয়না দান করছেন।
আশ্চর্যের বিষয় হলো, শুধুমাত্র নগদ অর্থ বা গয়না নয়, অনেক পরিবার তাঁদের ঐতিহ্যের প্রতীক মূল্যবান তামার বাসনপত্র (Copperware) এবং গৃহস্থালির সামগ্রীও তুলে দিচ্ছেন ত্রাণ শিবিরে। এমনকি অনেক শিশুকে দেখা গিয়েছে তাদের জমানো ‘পিগি ব্যাঙ্ক’ বা মাটির ভাঁড় ভেঙে যুদ্ধের কবলে পড়া ইরানিদের জন্য অর্থ সাহায্য করতে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের মতে, ইরান ও কাশ্মীরের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনই তাঁদের এই ত্যাগের মূল অনুপ্রেরণা। সংগৃহীত এই সমস্ত গয়না ও বাসনপত্র গালফ অঞ্চলের যুদ্ধবিধ্বস্ত মানুষের চিকিৎসায় এবং মানবিক প্রয়োজনে ব্যবহার করা হবে। দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস ইতিমধ্যেই ভারতীয়দের এই অভাবনীয় বদান্যতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।





