যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির আগুন থামার নাম নেই। শুক্রবার শিক্ষক নিগ্রহের রেশ কাটতে না কাটতেই সোমবার সন্ধ্যায় ফের রণক্ষেত্র হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর। এসএফআই এবং কালেক্টিভ সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হলেন ইংরেজি বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র প্রিয়ম চট্টোপাধ্যায়। অভিযোগ, ১০-১২ জনের একটি দল তাঁকে ঘিরে ধরে নৃশংসভাবে মারধর করে, যার ফলে তাঁর কানের পর্দা ফেটে গিয়েছে। বর্তমানে তিনি কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন।
এসএফআই-এর দাবি, গত শুক্রবার আক্রান্ত শিক্ষকদের বাঁচাতে গিয়েছিলেন প্রিয়ম, আর সেই কারণেই তাঁকে বেছে বেছে নিশানা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষকদের একাংশ কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে উপাচার্যের নির্দেশে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এই কমিটির মাথায় রয়েছেন আইএসআই-এর প্রাক্তন অধিকর্তা অধ্যাপক বিমল রায়। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ঘটনার সাথে যুক্ত যে কোনও তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একের পর এক সংঘর্ষে বর্তমানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসে।