বাম আমলের সেই ‘অগ্নিকন্যা’র করুণ পরিণতি! মহাকরণ কাঁপানো ফেলানি বসাক প্রয়াত

পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসের এক লড়াইয়ের অধ্যায় সমাপ্ত হলো। প্রয়াত হলেন বাম জমানার অন্যতম প্রতিবাদী মুখ ফেলানি বসাক। গত কয়েক দশক ধরে মহাকরণ থেকে শুরু করে কলকাতার রাজপথ—যে নামটির প্রতিবাদী আওয়াজে কেঁপে উঠত তৎকালীন প্রশাসন, সেই ফেলানি বসাক শেষ পর্যন্ত বিচার না পেয়েই চলে গেলেন না ফেরার দেশে।
নব্বইয়ের দশকে সিপিএম সরকারের অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। বিশেষ করে মহাকরণ অভিযান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক অনশন আন্দোলনের সময় ফেলানি বসাকের সক্রিয় ভূমিকা রাজ্যবাসী আজও ভোলেনি। জমি রক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন নির্ভীক। কিন্তু দীর্ঘ লড়াই সত্ত্বেও নিজের ব্যক্তিগত জীবনে প্রাপ্য টুকু পাননি বলে বারবার ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতা এবং আর্থিক অভাবের সঙ্গে যুদ্ধ করে অবশেষে চিরবিদায় নিলেন এই মহীয়সী। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।