প্রোটিয়া ধাক্কায় লণ্ডভণ্ড ভারত! সেমিফাইনালের টিকিট কি হাতছাড়া? জেনে নিন জটিল সমীকরণ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড়সড় ধাক্কা খেয়েছে ভারত। প্রোটিয়াদের কাছে হার মেনে নেওয়া গেলেও, হারের ব্যবধানটাই এখন টিম ইন্ডিয়ার সামনে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুঁটিয়ে যায় ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। ৭৬ রানের এই শোচনীয় পরাজয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেট রান-রেটকে নামিয়ে এনেছে -৩.৮০০-তে। এই বিপর্যয়ের পর সেমিফাইনালের পথ এখন বেশ দুর্গম সূর্যকুমার যাদবদের জন্য।
সেমিফাইনালের পথে ভারতের সামনে এখন দুটি মূল সমীকরণ:
সমীকরণ ১: সরাসরি যোগ্যতা অর্জন ভারতকে তাদের বাকি দুটি ম্যাচ জিম্বাবোয়ে (চেন্নাই) এবং ওয়েস্ট ইন্ডিজের (কলকাতা) বিরুদ্ধে জিততেই হবে। দুই ম্যাচে জয় পেলে ভারতের পয়েন্ট হবে ৪। তবে দক্ষিণ আফ্রিকা যদি তাদের বাকি সব ম্যাচ জিতে নেয় এবং জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজ কোনো একটি ম্যাচে প্রোটিয়াদের হারায়, তবে একাধিক দলের পয়েন্ট সমান হতে পারে। সেক্ষেত্রে নেট রান-রেট হবে নির্ণায়ক। তাই ভারতকে কেবল জিতলেই হবে না, জয়ের ব্যবধান হতে হবে বিশাল।
সমীকরণ ২: একটি ম্যাচ জিতলে কী হবে? যদি ভারত দুটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জেতে, তবে আশা প্রায় শেষ বললেই চলে। সেক্ষেত্রে ভারতকে প্রার্থনা করতে হবে যাতে অন্য দলগুলোর ফলাফল তাদের পক্ষে যায় এবং নেট রান-রেটের বিচারে অলৌকিক কিছু ঘটে। বর্তমানে যে শোচনীয় রান-রেট ভারতের রয়েছে, তাতে একটি জয় সেমিফাইনালের জন্য যথেষ্ট হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
কোচিং স্টাফরা আশা করছেন সঞ্জু স্যামসনের প্রত্যাবর্তন ব্যাটিংয়ে ভারসাম্য আনবে। তবে সবরমতীর পাড়ে যে ব্যাটিং বিপর্যয় ঘটেছে, তা কাটিয়ে না উঠতে পারলে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে যেতে পারে টিম ইন্ডিয়ার।