পূর্ব বর্ধমানের মেমারিতে সামনে এল এক কলঙ্কিত এবং নক্কারজনক ঘটনা। ঘরের টালি খুলে ভেতরে ঢুকে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ ভাগ্নি জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। বর্ধমান জেলা আদালত ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে শ্বশুরবাড়িতে এসেছিলেন ওই যুবক। সেখানে উপস্থিত সকলেই আকণ্ঠ মদ্যপান করেছিলেন বলে অভিযোগ। খাওয়া-দাওয়া সেরে রাতে জামাই নিজের বাড়ি চলে গেলেও ঘণ্টাখানেক পর ফিরে আসেন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় অভিযুক্ত যুবক চালের টালি সরিয়ে নিঃশব্দে ভেতরে প্রবেশ করেন। অভিযোগ, সেই সময় অঘোরে ঘুমানো মামী শাশুড়িকে তিনি ধর্ষণ করেন। পাশে নির্যাতিতার স্বামী শুয়ে থাকলেও মদের ঘোরে থাকায় তিনি কিছুই টের পাননি।
পরে ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায়। পরিবারের লোকজন অভিযুক্তকে একটি ঘরে আটকে রাখলেও, সকালে দেখা যায় সে ফের টালি সরিয়ে পালিয়ে গিয়েছে। প্রথম দিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও, নির্যাতিতার স্বামীর আপত্তিতে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মদ্যপ অবস্থায় এই পাশবিক কাণ্ড ঘটানো হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।